ভাষার উন্নতি ভাষার ব্যবহারে
১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি ভোরের কাগজ-এ আমি ‘বাংলা ভাষার সংগ্রাম এখনো অসমাপ্ত’ শিরোনামে একটি প্রবন্ধ লিখি। আমাদের দেশের সংগ্রামের ঐতিহ্য বহুদিনের। আমাদের প্রিয় স্লোগান ‘জনতার সংগ্রাম চলবেই, চলবে’। স্বাধীনতার জন্য সংগ্রাম চিরন্তন ও চিরজাগরূক। ওই প্রবন্ধটির প্রাসঙ্গিকতা এখনো বর্তমান। গত ১৫ বছরে এমন কিছু ঘটেনি যার জন্য ওই লেখার সংশোধন প্রয়োজন। আমি বলেছিলাম:দেশের লোকের শিক্ষার দৈন্য ও দেশের লোকের বাংলা ভাষার দৈন্য মোচন না করতে পারলে দেশের উন্নয়ন বা দারিদ্র্য-বিমোচনের কোনো আন্দোলনে আমরা তেমন আশান্বিত ফল লাভ করতে পারব না। যতদিন না আমরা সাক্ষরতার আশীর্বাদ প্রতিটি নাগরিকের ঘরে পৌঁছে দিতে পারছি, যতদিন বকলম ও ঢেরা সহির রেওয়াজ উঠে না যাচ্ছে, যতদিন নির্বাচনের প্রতীক হিসেবে হুক্কা, ধানের শীষ বা নৌকার প্রচলন বন্ধ না হচ্ছে এবং নিচের কাঠামো থেকে সমাজের উপর-কাঠামো সকল কর্মকাণ্ড, বিশেষ করে সর্বোচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করা হচ্ছে, ততদিন বাংলা ভাষার সংগ্রাম আমি অসমাপ্ত বলে গণ্য করব।উনিশ শ ছিয়ানব্বই ইংরেজি সালের এই অগৌরবের ফেব্রুয়ারিতে এসব কথা কে বা কারা শুনবে বা পড়বে?আমাদের অগৌরবের দিন শেষ হয়নি। বছর তিনেক-চারেক আগে বঙ্গভবনে একটি বই প্রকাশনার অনুষ্ঠানে বিজ্ঞজন সবাই ইংরেজিতে তাঁদের বক্তব্য বললেন। শুধু একজন ছাড়া। তিনি একজন ভূতপূর্ব চৌকস আমলা। ইংরেজি ভাষায় নথি থেকে সুপাঠ্য বইপত্র লিখেছেন। তাঁর নাম আকবর আলি খান। আমার এ অভিজ্ঞতা প্রথম নয়। মানবাধিকারের এক সেমিনারে আমাদের সবাই বাংলায় কথা বললেন, একজন ছাড়া, তিনি এক মার্কিন দুহিতা।অহংকার করে আমি বলেছি, ‘আজ বাংলার সূর্য অস্ত যায় না।’ এবার আমার একটি প্রবন্ধ-সংকলন বের হচ্ছে, যার নাম সে ভাষা ছড়িয়ে গেছে সবখানে। কিন্তু কিছু কিছু ঘরে সে ভাষার স্থান সংকুলান হচ্ছে না। উচ্চবিত্ত ও সম্ভ্রান্তদের দহলিজ এবং সরকারি বা বেসরকারি মজলিশে বাংলার অবস্থা ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষায়তনের সামষ্টিক কর্মকাণ্ডে মুষ্টিমেয় কৃষ্ণকায় ছাত্রের মধ্যে যে জড়তা দেখেছিলাম সে কথা মনে পড়ে যায়। সে দেশ বদলে গেছে। আমাদের দেশে স্লোগান বেঁচে আছে, বদলে দাও বদলে যাও।সর্বস্তরে বাংলা চালুর জন্য প্রয়োজনে আইনি সিদ্ধান্ত নিতে হবে। এ প্রসঙ্গে ভোরের কাগজ-এর সাংবাদিক হারুন রশীদকে বলেছিলাম, ‘একুশের চেতনা কোনো তাবিজ বা মন্ত্র নয়। অতীত থেকে যেমন শেখা যায়, তেমনি অতীত থেকে ভুল কিছু শেখারও আশঙ্কা থাকে। আমাদের একুশের চেতনা এখন ৪২ বছরের পুরোনো হয়ে গেছে। এই চেতনা থেকে আলো পাওয়া বা উৎসাহ-উদ্দীপনা পাওয়া খুব কঠিন। বর্তমান সমাজ নির্ভর করছে বর্তমান সময়ের তরুণ সম্প্রদায়ের ওপর। তরুণ সম্প্রদায়ের কাছে একুশের চেতনা অনেক পুরোনো ব্যাপার। তবে যেহেতু আমাদের সমাজে ওই রকম তেমন একটা সংগ্রামের ঐতিহ্য ছিল না; সেই দিক থেকে—পেছনে ফিরে তাকিয়ে কোনো উদ্দীপনা-উৎসাহ পেতে হলে একুশে আন্দোলনের কথা চিন্তা করতে হবে। তাতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমান সমাজ কীভাবে গ্রহণ করবে তা বলা মুশকিল। আসলে একুশের চেতনার ভেতরে কোনো জাদু-মন্ত্র নেই। বর্তমানে যদি আমরা কাজ না করি—যার যা কাজ তা পালন না করি একুশের চেতনার কথা বলে কোনো লাভ হবে না।’ভাষার উন্নতি ভাষার ব্যবহারে। এই সামান্য কথা বলে আজ আমার কথা এখানে শেষ করি।