ভাষার জন্য ভালোবাসা
দেখতে দেখতে ভাষা প্রতিযোগ অতিক্রম করল নয় বছর—সামনে ১০ বছরের হাতছানি। এই নয় বছরে দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে ভাষাশিক্ষার এক অনুপম উৎসব হিসেবে ভাষা প্রতিযোগ স্বীকৃতি পেয়েছে।ভাষা প্রতিযোগ, আমি লক্ষ করেছি, কেবলই একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়; প্রতিযোগের নামে এই অনুষ্ঠান শিশু-কিশোরদের মধ্যে মূলত সঞ্চার করে সহযোগের চেতনা।ভাষা প্রতিযোগের সবচেয়ে আকর্ষণীয় ও মজার পর্ব হচ্ছে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তরদান অনুষ্ঠান। মঞ্চে বসে আছি আমরা—লেখক, সাংবাদিক কিংবা শিক্ষক, আর প্রশ্ন করছে নবীন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রশ্ন করতেই শিক্ষক হিসেবে আমি অভ্যস্ত। কিন্তু এখানে যে আমি উত্তরদাতা।পারব তো যথাযথ উত্তর দিয়ে শিক্ষার্থীদের কৌতূহল নিবৃত্ত করতে; পেছনে যাব না তো? সত্যি বলছি, প্রশ্ন-উত্তর পর্বে এই ভাবনা সব সময়ই উঁকি দেয় আমার মনে।ভাষা-উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল দেখে রীতিমতো বিস্মিত হয়েছি। ক্লাসে তারা চুপ করে থাকে, কিন্তু প্রতিযোগে এসে তাদের সব বাঁধ ভেঙে যায়। প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে দেশের জন্য তাদের ভালোবাসার কথা, মা আর মাতৃভূমির মর্যাদা রক্ষার জন্য তাদের কঠিন সংকল্পের কথা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা যেমন তারা জানতে চায়, যেমন জানতে চায় বাংলা ভাষার প্রতি রাষ্ট্রীয় পর্যায়ে অবহেলার কারণ, তেমনি জানতে চায় কীভাবে মাতৃভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করা যায়। প্রশ্ন করার সময় আমি শিক্ষার্থীদের চোখে দেখেছি আলোর ঝিলিক; ভালো প্রশ্ন করে যখন আমাদের কাছ থেকে পুরস্কার হিসেবে বই নিতে এসেছে, তখন তাদের মুখে দেখেছি বিশ্বজয়ের গৌরব। এই আলোর ঝিলিক, এই গৌরবই—আমি নিশ্চিত, রক্ষা করবে আমাদের, গড়ে তুলবে আমাদের জাতিসত্তা, উজ্জ্বল করবে আমাদের ভবিষ্যৎ।ভাষা প্রতিযোগের মূল লক্ষ্য আমাদের তরুণ শিক্ষার্থীদের ভাষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, যা বহুলাংশে সফল হয়েছে। প্রতিযোগের ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া পড়েছে, শুদ্ধ করে ভাষা শেখার প্রতি তাদের আগ্রহ বেড়েছে, নিয়ত অনুশীলনের মাধ্যমে ভাষিক পরিশুদ্ধির জন্য তাদের চেতনা জাগ্রত হয়েছে। এখন প্রয়োজন এই উদ্যোগের বিস্তার। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এই প্রতিযোগের আয়োজন করা যেতে পারে। গণিত অলিম্পিয়াডের মতো এই প্রতিযোগকেও দেওয়া যেতে পারে আন্তর্জাতিক চারিত্র্য। ভারতের বাংলাভাষী অঞ্চলেও আয়োজন করার উদ্যোগ নিতে পারে। তারপর দুই দেশের সেরা প্রতিযোগীদের নিয়ে হতে পারে চূড়ান্ত প্রতিযোগ। দেশের মধ্যেও অঞ্চলভিত্তিক প্রতিযোগের পরিবর্তে জেলাওয়ারি প্রতিযোগ আয়োজন করা যেতে পারে।ভাষা প্রতিযোগ বাংলা ভাষার বিকৃতি রোধে পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলার অবস্থা এখন ভালো নয়। বাংলার পরিবর্তে চলছে অন্য ভাষার আধিপত্য। ব্যক্তিক ও রাষ্ট্রিক উন্নতির জন্য মাতৃভাষা ছাড়াও আমরা অনেক ভাষা শিখব, কোনো ভাষার সঙ্গেই আমাদের বিরোধ নেই। বাংলা ভাষা নিয়ে এখন চলছে চরম নৈরাজ্য। দেখে মনে হয়, যেন এ বিষয়ে কারও কোনো দায়িত্ব নেই। প্রযুক্তির প্রভাবে প্রচুর বই প্রকাশিত হচ্ছে এখন, বের হচ্ছে অনেক সংবাদপত্র। কিন্তু কোথাও কোনো নিয়মনীতি মানা হচ্ছে বলে মনে হয় না। বাংলা একাডেমীর বইতে উপেক্ষিত হয় তাদের নিজেদের তৈরি ‘প্রমিত বানানরীতি’, স্কুল টেকস্ট বুক বোর্ডের বইতে নির্দিষ্ট কোনো শব্দের নানা ধরনের বানান দেখা যায় বিভিন্ন পুঁজিনিয়ন্ত্রিত সংবাদপত্রে। বাংলা ভাষার নানামাত্রিক ব্যবহার সৃষ্টি করছে বহুমুখী বিভ্রান্তি, বানানে মানা হচ্ছে না ব্যাকরণের নিয়মনীতি, বাংলা-ইংরেজি মিশিয়ে রেডিওতে প্রচারিত হচ্ছে উদ্ভট জগাখিচুড়ি অনুষ্ঠান। কোনো কোনো তাত্ত্বিক সুদূর পরিকল্পনার অংশ হিসেবে প্রচার করছেন এই ‘থিসিস’—প্রমিত বাংলা হচ্ছে ‘সংস্কৃত বাংলা’র ছদ্মনাম, আর প্রমিত বাংলা ব্যবহারকারী ও এর পক্ষাবলম্বনকারীরা হচ্ছেন রক্ষণশীল মানুষ, প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি। সন্দেহ নেই, বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হচ্ছেন এসব তাত্ত্বিক। হাজার বছরের ঐতিহ্যের মূল থেকে বিচ্ছিন্ন করে বাংলা ভাষাকে এসব তাত্ত্বিক কোথায় নিয়ে যেতে চান, তা সংশ্লিষ্ট মহলের এখনই ভেবে দেখা প্রয়োজন, প্রয়োজন এই প্রবণতার বিরুদ্ধে কার্যকর উদ্যোগ। রাষ্ট্রভাষা বাংলার মতোই দুরবস্থার শিকার বাংলাদেশের আদিবাসী নৃ-গোষ্ঠীর ভাষাগুলো। কেন্দ্রের দাপটে তটস্থ প্রাণের মানুষের মতোই প্রান্তের ভাষারও আজ ত্রাহি ত্রাহি অবস্থা। তৃণমূলের মানুষের মতো তাদের ভাষাও অবহেলিত। সাময়িক এই দুরবস্থা থেকে উদ্ধারের পথে আলোর উৎস হয়ে উঠতে পারে ভাষা প্রতিযোগ।ভাষা প্রতিযোগ আমাদের দেশে সম্পূর্ণ নতুন ধারার এক প্রতিযোগিতা। এ প্রতিযোগ তরুণ শিক্ষার্থীদের ভাষা সচেতনতার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবেও গড়ে ওঠার আহ্বান জানায়। ভাষা প্রতিযোগ বেঁচে থাক, ভাষা ভালোবেসে, নবীন শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হয়ে উঠুক—এই আমার দীপ্ত প্রত্যাশা।