ভাষার নামে দেশের নাম এমন দেশ বাংলাদেশ
অমর একুশে আজ। শ্রদ্ধা আর ভালোবাসায় বাঙালি জাতি আজ স্মরণ করছে নাম না-জানা শহীদদের। ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় সংগীত আর ভাষার গানের মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে দিনব্যাপী বর্ণমেলা। মেলার আয়োজন করেছে প্রথম আলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ মেলার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘ভাষার নামে দেশের নাম এমন দেশ বাংলাদেশ।’ উত্সবের মধ্য দিয়ে বাংলা ভাষাকে সবার মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার জন্যই এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। সকাল থেকেই মা-বাবার হাত ধরে সোনামণিরা এসেছে মেলায়। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ শিশু যোগ দিয়েছে হাতের লেখা প্রতিযোগিতায়।বর্ণমেলার মাধ্যমে বর্ণকে শিশুদের কাছে উপভোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। আর তাই বর্ণমেলার বর্ণিল আয়োজনে রয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা, বর্ণে হাতে খড়ি, বর্ণের গোলক-ধাঁধা, বর্ণে পোশাক, বর্ণে খাবার, বর্ণ ছবি ও বর্ণ সম্ভার প্রদর্শনী।উদ্বোধনের পর বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী ওরফে বন্যা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।