‘ও আমার দেশের মাাটি তোমার পরে ঠেকাই মাথা...’ ফাল্গুনের সকালে মিষ্টি রোদে রংপুর জিলা স্কুলের মাঠে ঢুকেই মন জুড়িয়ে গেল গান শুনে। স্কুলের মাঠে তখন শিক্ষার্থীরা নানা রঙের পোশাকে ঘোরাফেরা করছে। ওদিকে কর্মব্যস্ত বন্ধুসভার বন্ধুরা। বিশাল সামিয়ানার নিচে বসে আছেন অনেক অভিভাবক। কউ গুনগুনিয়ে গান ধরেছেন সাউন্ড সিস্টেমে বেজে ওঠা গানের সঙ্গে। এ আয়োজন শুধু ভাষা নিয়ে, ভাষার প্রতি ভালোবাসা নিয়ে। সপ্তম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের রংপুর আঞ্চলিক উৎসব হলো ২৮ ফেব্রুয়ারি, রোববার, রংপুর জিলা স্কুলে।উদ্বোধনীতে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল আটটি সারিতে। আট সারির সামনে আটটি নাম—রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, মধুসূদন, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, মুনীর চৌধুরী ও জসীমউদ্দীন। তাঁদের পেছনে দাঁড়ানো তো আর যেইসেই কথা নয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর এম মিজানুর রহমান আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন এ আর এম মিজানুর রহমান। পড়ল ঘণ্টা। এবার পরীক্ষা। ঠিক পরীক্ষা নয়, আয়োজকেরা বলেন ‘পরীক্ষা পরীক্ষা খেলা’। এক কক্ষে ঢুকে দেখা গেল, একজন ছাত্র চুপচাপ বসে আছে। কেন? সরল উত্তর, পরীক্ষা তো শেষ। এক কক্ষে দেখা গেল আরেক চিত্র। কেউ কলম কামড়াচ্ছে, কেউ গালে হাত দিয়ে বসে আছে। কারও মুখ আবার খেতে দেওয়া জুসের প্যাকেটে। আবার ঘণ্টা। পরীক্ষা শেষ। পরীক্ষা তো শেষ, এবার কী? মঞ্চে ঘোষণা করা হলো, এবার প্রশ্ন-উত্তর পর্ব। সবাই ব্যস্ত পায়ে এসে প্যান্ডেলের নিচে আসনে বসে পড়ল। শুরু হলো প্রশ্ন-উত্তর পর্ব। কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন। মঞ্চে বসা শিক্ষকদের প্রশ্ন করবে শিক্ষার্থীরা। ও মা, এও হয় নাকি! অনেকের চোখে অবিশ্বাস। কিন্তু কিছুক্ষণ পরে অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহম যখন শুরু করলেন প্রশ্নোত্তর পর্ব, তখন হাত তোলা দেখে বোঝা গেল সবার মনে কত প্রশ্ন। তাও আবার ভালো প্রশ্নের আছে পুরস্কার, তাই সবার আগ্রহটাও বেশি। সবার প্রথমে প্রশ্ন করল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মুনতাসীর। অনেক ভাষায় বর্ণ কম, কিন্তু বাংলা ভাষায় এত বেশি কেন? উত্তর দিলেন ড. মাহবুবুল হক। এত বেশি বর্ণ বলেই অনেক ভাষার শব্দ আমাদের ভাষায় লেখা যায়, এটা অনেক বড় ব্যাপার আমাদের ভাষার জন্য। সুন্দর প্রশ্ন, তাই প্রথম প্রশ্নেই পুরস্কার মিলল। এরপর অনেক হাত উঠল একে একে। মৌলিক ও সার্থক উপন্যাসের মধ্যে পার্থক্য কী, আ বা ই-এর সংক্ষিপ্ত রূপ আছে, অ-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই কেন? একুশে ফেব্রুয়ারি কেন ইংরেজি সাল ধরে পালন করা হয়? ত থাকতে ৎ কেন দরকার? প্রশ্ন আর প্রশ্ন। সবার প্রশ্নের জবাব দেওয়া হলো এক এক করে। আর যাদের প্রশ্ন ভালো হলো, তাদের জন্য পুরস্কার। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন ড. মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সরিফা সালোয়া, একই বিভাগের সহকারী অধ্যাপক রিষিন পরিমল ও রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ আই মূসা। রাশনা শারমিন শোনালেন আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতাটি।হঠাৎ ঘোষণা এল, এবার গান হবে। মঞ্চে এলেন বন্ধুসভার নির্বাচিত বন্ধুরা। নাভানা, সংগীতা, তাসনুভা, কথা আর রওশন আরা সোহেলীর গান মুগ্ধ করে সবাইকে। তার পরপরই মঞ্চে এলেন ক্লোজআপ তারকা পুলক। সবার মধ্যে আর পুলক ধরে না। গানে মাতালেন তিনি সবাইকে।বাইরে যখন এত আয়োজন, তখন ভেতরে কিন্তু একদল লোক ব্যস্ত ছিলেন ফলাফল তৈরির জন্য। গান শেষ হওয়ার পরপরই হাতে চলে এল ফলাফল। কিন্তু এখনই নয়। বাকি আছে আরও কিছু। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ড. মাহবুবুল হক বললেন রবীন্দ্রনাথ বিষয়ে।এর পরই সঞ্চালক ঘোষণা করলেন নতুন এক প্রতিযোগিতার। সবাই এ-ওর মুখের দিকে তাকাচ্ছে। ঘটনা কী? এ প্রতিযোগিতায় শুধু অতিথিরাই অংশ নেবেন—এটা হলো কম বক্তব্য দেওয়ার প্রতিযোগিতা। যিনি সবচেয়ে কম কথা বলবেন, তিনিই বিজয়ী হবেন। সজোরে পড়ল হাততালি। তার মানে, পছন্দ হয়েছে সবার। রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বললেন, ‘আমাদের মতো দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। নিশ্চয়ই এ আয়োজন সে শিক্ষা দেবে সবাইকে।’ এইচএসবিসি ব্যাংকের সামাজিক মাধ্যম ও গণযোগাযোগ কর্মকর্তা সামি আল হাফিজ বললেন, ‘ভাষার প্রতি সবার মমত্ববোধ দেখে বারবার আসি এ আয়োজনে এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে।’ সবার কথা শুনে মনে হচ্ছিল, আসলেই তাঁরা প্রতিযোগিতা দিচ্ছেন। তারিক মনজুর কিন্তু ভাষণ দিলেন না। তিনি হাতে করে নিয়ে এলেন একগাদা মজার প্রশ্ন। নির্বাচিত প্রশ্ন যেমন ছিল মজার, তিনি উত্তরও দিলেন মজা করেই। উত্তর শুনে সবাই তখন হেসেই সারা। সরিফা সালোয়া বললেন, ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এ আয়োজন আজকের শিশুদের মধ্যে ভাষার প্রতি আগ্রহ ও মমত্ববোধ তৈরি করবে।’ সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য ছিল রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এ আই এম মূসার। তিনি বললেন, ‘এ পযর্ন্ত যা বলা হয়েছে, তা-ই আমার কথা।’ এ বক্তব্যেই সবচেয়ে বেশি তালি পড়ল।রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকের হাতে ভেন্যু ক্রেস্ট তুলে দেন অধ্যাপক মাহবুবুল হক এবং অধ্যাপক সরিফা সালোয়া।এ আয়োজন সফল করেছেন প্রথম আলোর রংপুর বন্ধুসভার বন্ধুরা। এবার তাঁদের ডাকা হলো মঞ্চে। সারা দিনের ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে গেল সবার হাততালিতে। রংপুর বন্ধুসভার সভাপতি সত্যজিৎ রায় বললেন, ‘আমাদের এ আয়োজনের উদ্দেশ্য পুরো দেশকে বদলে দেওয়া।’ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (রংপুর) আরিফুল হক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক—সবাইকে শুভেচ্ছা জানান।এরপর শুরু হলো সবার বুক কাঁপাকাঁপি। কারণ, এবার ফলাফলের পালা। অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করেন ফলাফল। মোট চারটি বিভাগে ১৩ জন করে ৫২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা যোগ দেবে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার প্রায় ৮০০ ছাত্রছাত্রী এ প্রতিযোগে অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে পর্দা নামল রংপুরের আঞ্চলিক প্রতিযোগের। মঞ্চে তখন চলছে ক্লিক ক্লিক। কত যে ছবি তোলা হলো, লেখাজোখা নেই।রংপুরে বিজয়ী যারাপ্রাথমিক: প্রথম হয়েছে রংপুর জিলা স্কুলের আ ন ম তৌফিকুজ্জামান, দ্বিতীয় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফারিহা ইয়াসমিন, তৃতীয় রংপুর সাহেবগঞ্জ শিশু নিকেতনের নাজিফা তাকিয়া। বিশেষ পুরস্কার পেয়েছে জেমিয়া জামান, মো. মোছাদ্দিক হাসান, ফাহিয়া জামান, আহনাফ রায়হান, মালিহা মেহজাবিন, আসহাবুল ইয়ামীন, সাদেক হোসেন চৌধুরী, মাইরুজ মুবাশ্বেরা, সুরাইয়া সুলতানা ও রংগম রায় উৎসব। নিম্নমাধ্যমিক: প্রথম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নুসরাত জাহান, দ্বিতীয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাদমান সাকিব, তৃতীয় রংপুর জিলা স্কুলের মো. শাহরিয়ার ইসলাম। বিশেষ পুরস্কার: আশিকা আজহার, প্রিয়াংকা বর্মণ, নাহিন নেওয়াজ, অনিক সরকার, তকী ইয়াসীর, মো. জুবায়ের আরাফাত, শাহরিয়ার আল তন্ময়, শাহ ইমরান আহমেদ, জুবাইতা জুলফা জলিল ও মো. তানজিলুস সাদ। মাধ্যমিক: প্রথম রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাদিয়া তামান্না; দ্বিতীয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নোশিন নাওয়ার; তৃতীয় রংপুর জিলা স্কুলের মীম মুহতামিম মাহাদী। বিশেষ পুরস্কার: সাদিয়া তাহনীন, তুবাস হক, মমিনুল হক, কাজী আমানুজ্জামান, প্রগতি বক্সী, শামিমা সাহানা, মারিয়া সুলতানা, নায়লা রওনক, রোকন ইরফান ও নাহিদ সুলতানা।উচ্চমাধ্যমিক: প্রথম আতিকুর রহমান খান, রংপুর সরকারি কলেজ, রংপুর; দ্বিতীয় আসিফ পারভেজ, কাউনিয়া ডিগ্রি মহাবিদ্যালয়; তৃতীয় আঞ্জুমান আরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। বিশেষ পুরস্কার: শৈলী নাহিদ, মনিকা দাস, মেরিনা আকতার, নাজমুন্নার তিথী, বদরুদ্দোজা, আউয়াল মিয়া, মহিমারঞ্জন, মেহজাবিন চৌধুরী, মিজান আলমীম, রিয়াজুল ইসলাম।যেখানে বসেছিল প্রতিযোগরংপুর জিলা স্কুল১৮৩২ সালে বাংলার লর্ড উইলিয়াম রেন্টিঙ্ক ‘জমিদার স্কুল’ নামে এ স্কুলের ভিত্তি স্থাপন করেন। ১৮৬২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগের আওতায় ‘রংপুর জিলা স্কুল’ নামে আত্মপ্রকাশ করে এটি। এর রয়েছে প্রভাতী ও দিবা শাখা। স্কুলের রয়েছে বিশাল মাঠ, একাডেমিক ভবন, মিলনায়তন, আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব এবং নিজস্ব ছাত্রাবাস। সহকার্যক্রম হিসেবে রয়েছে কাব, স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট। খেলাধুলা, বিতর্ক, বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আর ফলাফলের দিক থেকে দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়ের একটি রংপুর জিলা স্কুল।