ভাষার বৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাঙালি ছাড়াও প্রায় ৪৫টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে। ভাষা আছে ২৫ থেকে ৩৮টির মতো। এই ভাষাগুলো সংরক্ষণে এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরই মধ্যে ওঁরাওদের কুরুখ ও বর্মণদের নাগরি ভাষা বিলুপ্ত হয়ে গেছে। কোচ ও রাজবংশীদের ভাষাও প্রায় বিলুপ্তির পথে।আদিবাসী অধিকার কর্মীরা আশঙ্কা করছেন, সরকার উদ্যোগ না নিলে অনেক জনগোষ্ঠীর ভাষা চিরতরে হারিয়ে যাবে। যে দেশে ভাষার জন্য আন্দোলন হয়েছে, সে দেশে এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, ‘আমরা চাই সবগুলো ভাষা বিকশিত হোক। কাজগুলো জটিল। এ জন্য গবেষণা করে প্রয়োজনীয় সব কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রথম আলোকে বলেন, ‘এবারের শিক্ষানীতিতে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আমরা আশা করছি, এই কথাটি বাস্তবে রূপ দেবে সরকার এবং এর মধ্য দিয়ে ভাষাগুলো বেঁচে থাকবে।’আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, আদিবাসীদের ভাষা সংরক্ষণ, চর্চার জন্য রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই দায়িত্ব পালন করবে বলে কখনো কখনো বলা হয়। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো কর্মপরিকল্পনা করেনি। তবে আদিবাসীদের তরফ থেকে কিছু উদ্যোগ আছে।ভাষা সংরক্ষণে উদ্যোগ নেই: ১৯৯১ সালের আদমশুমারি প্রতিবেদনে দেশে ২৯টি আদিবাসী জনগোষ্ঠীর তথ্য উল্লেখ রয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের মতে, বাংলাদেশে প্রায় ৪৫টি আদিবাসী জনগোষ্ঠী আছে, তবে ভাষা আছে ২৫টি। অধ্যাপক মেসবাহ কামাল অবশ্য বলেন, তাঁরা বাংলা ছাড়াও অন্তত ৩৮টি ভাষার খোঁজ পেয়েছেন। আদিবাসী অধিকার কর্মীরা বলছেন, আদিবাসীদের ভাষা সংরক্ষণের কাজটি সরকার সহজেই করতে পারে। কারণ, অনেক ভাষায় লিখিত রচনা আছে। ২০০৫ সালে একুশে বইমেলায় চাকমা ভাষার উপন্যাস বেরিয়েছে। মণিপুরিদের ভাষা মৈথয়ীর ইতিহাস শতবর্ষের পুরোনো। সাঁওতালি ভাষায় সাহিত্যচর্চার ইতিহাস ১৪০ বছরের। সাঁওতালি ভাষায় সাহিত্য ও অভিধান রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে অসংখ্য সাঁওতালি বিদ্যালয় রয়েছে। ঝাড়খন্ডে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা হয় এই ভাষায়।বান্দরবানে ২০০৯ সালে জিরকুন সাহু নামে একজন বম ভাষায় অভিধান করেছেন। ভারতে হাজং থেকে ইংরেজি, সাঁওতাল থেকে ইংরেজি, খাসিয়া থেকে ইংরেজি ভাষায় অভিধান আছে।ভারতের ত্রিপুরায় ত্রিপুরি ভাষায় মাধ্যমিক স্কুল পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা রয়েছে। মিজোরাম ও ত্রিপুরায়ও গারোদের আচিক ভাষায়, মিয়ানমারে মারমা ভাষায় উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু ’৪৭ সালের আগে পার্বত্য অঞ্চলে চাকমাদের বিদ্যালয় থাকলেও পাকিস্তান প্রতিষ্ঠার পর সরকার সেগুলো বন্ধ করে দেয়। মাতৃভাষায় শিক্ষা উপেক্ষিত: জাতিসংঘ সনদ অনুযায়ী, বিশ্বের প্রতিটি জনগোষ্ঠী নিজ ভাষায় শিক্ষা লাভের অধিকারী। এই সনদে বাংলাদেশও সই করেছে। এ-সংক্রান্ত আইন সংসদেও পাস হয়েছিল ১৯৯৭ সালে। ২০০৪ সালে ‘আদিবাসীদের শিক্ষা ও ভাষার চাহিদা’ বিষয়ে অধ্যাপক মেসবাহ কামালের একটি গবেষণায় দেখা যায়, ৯৪ শতাংশ আদিবাসী শিশু বাড়িতে নিজ ভাষায় কথা বলে। এরা বিদ্যালয়ে গিয়ে বাংলা ভাষা বুঝতে পারে না। মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা না থাকায় তারা ঝরে যায়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আদিবাসীদের নিজ গোত্র থেকে শিক্ষক নিয়োগ ও আদিবাসীদের ভাষায় বই করার কাজ শুরু হয়েছে। আগামী দু-তিন বছরের মধ্যে এসব হয়ে যাবে।’১৫ ভাষায় এখই শিক্ষার ব্যবস্থা করা সম্ভব: সঞ্জীব দ্রং বলেন, চাকমা, মারমা, রাখাইন, সাঁওতাল, ত্রিপুরা, ম্রো, বম, গারো, খাসিয়া, হাজং, মণিপুরি, ওঁরাও, মুন্ডা, তঞ্চঙ্গ্যাসহ অন্তত ১৫টি ভাষায় এখনই শিক্ষার ব্যবস্থা করা যায়। কারণ, এসব ভাষাভাষীর সংখ্যা অনেক এবং এসব ভাষায় লিখিত রচনা পাওয়া যাবে।কিছু বেসরকারি উদ্যোগ: বেসরকারি সংগঠন ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস ২০০৮ সালে মৌলভীবাজারে খাসিয়াদের জন্য আটটি মাতৃভাষায় শিক্ষাদান স্কুল চালু করে। অবশ্য তহবিল-সংকটে পাঁচটি স্কুল বন্ধ হয়ে গেছে। এই স্কুলগুলোতে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। সিলেটে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এডকো) ২০১০ সালে প্রাক-প্রাথমিক পর্যায়ে পড়ানোর জন্য বাংলা বর্ণমালা ব্যবহার করে মণিপুরি ভাষায় একটি বই করেছে। এখন মণিপুরি বর্ণমালা মেইতেই মায়েক ব্যবহার করে বই করার কাজ চলছে। জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৯ সালে রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল শিশুদের জন্য দুটি স্কুল করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন জানান, তাঁরা সাঁওতাল ভাষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত কয়েকটি বই করেছেন। রাজশাহী ও সিরাজগঞ্জে ‘আশ্রয়’ নামে একটি সংগঠন ওঁরাও ভাষায় দুটি স্কুল করেছে।বান্দরবানে ম্রো কালচারাল সোসাইটি ২০০১ সালে ম্রো ভাষায় প্রাথমিক শিক্ষাদানের জন্য ৬০টি স্কুল করেছিল। তখন জাতীয় পাঠ্যক্রমের কিছু গল্প ম্রো ভাষায় রূপান্তর করে ১০ হাজার বই করা হয়েছিল। সংগঠনের সভাপতি রাংলাই ম্রো জানান, অর্থাভাবে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। তবে সেভ দ্য চিলড্রেনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। স্কুলগুলো আবার চালু হবে।