বরিশালভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও বরিশাল
ভাষার ভেলায় কাটল বেলা
অমৃত লাল দে মহাবিদ্যালয়। ৩০ মার্চ, সকাল নয়টা। শুরু হলো এইচএসবিসি-প্রথম আলো আয়োজিত বরিশাল অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১৩। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। উদ্বোধনের পরই সব শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করে।পরীক্ষা শুরু হতে আর মিনিট দুয়েক বাকি। হঠাৎ অমৃত লাল দে মহাবিদ্যালয়ের গেট দিয়ে দুটি মাইক্রোবাস ঢুকে পড়ে। গাড়ি ব্রেক করতেই হুড়মুড় করে ২০ জন শিক্ষার্থী বের হয়ে আসে। তথ্যকেন্দ্র থেকে নিজেদের পরীক্ষার হলের অবস্থান জেনে নিয়ে দ্রুত চলে যায়। ড্রাইভারের কাছ থেকে জানতে পারি, তারা গোপালগঞ্জ থেকে এসেছে। রাস্তায় জ্যামে আটকে যাওয়ায় দেরি হয়ে গেছে। তাই হুড়মুড় করে আসতে হলো।পরীক্ষা চলাকালে একটি হলে ঢুকলাম। এক শিক্ষার্থী পেছন ফিরে তাকাচ্ছিল। আমার দিকে চোখ পড়ে। আমি তার দিকে তাকাতেই সে দাঁড়িয়ে বলে, ‘কোথায় বসব?’ আমি একটু হতবাক হয়ে গেলাম। তাকে পাশের সিটে বসিয়ে দিলাম। দায়িত্বরত বন্ধুকে জিজ্ঞেস করলাম, ‘ওর সমস্যাটা কী?’ বন্ধু বলেন, ‘এর আগে ওকে চারবার উঠিয়ে দেওয়া হয়েছে, এ নিয়ে পাঁচবার। তাই আপনি তাকানো মাত্রই ভেবেছে, আপনিও উঠিয়ে দেবেন। তাই আগেই বলে ফেলেছে।’৩০ মিনিটের পরীক্ষা শেষ। শিক্ষার্থীরা মঞ্চের সামনের চেয়ার দখলে ব্যস্ত। মঞ্চে আসেন বরিশাল বন্ধুসভার বন্ধুরা। ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানের সঙ্গে অসাধারণ একটি নৃত্য পরিবেশন করেন তাঁরা!মঞ্চে আসেন অতিথি শিক্ষকেরা। অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক ও সহকারী অধ্যাপক তারেক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, পরিবেশ ও প্রকৃতিবিদ মোকারম হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জান্নাত আরা সেহেলী ও শারমিন আক্তার। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা। শিক্ষার্থীদের কাগজে লিখে জমা দেওয়া প্রশ্ন থেকেও একটা একটা করে উত্তর দেওয়া হয়। প্রশ্নোত্তরের ভেলায় ভাসতে থাকে সবাই। ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’, এখানে চাবি কেন ভাঙবে? তালা না ভেঙে চাবি কেন? ধীরে ধীরে ঈ-কারের ব্যবহার কমে ই-কারের ব্যবহার বাড়ছে কেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, এখানে বোনদের কথা বলা হয়নি কেন? স্বরবর্ণে অ এবং আ দুটি বর্ণ। অ-এর সঙ্গে া-কার যোগ করলেই আ হয়। তাহলে অ এবং আ দুটি বর্ণের দরকার কী? যদি দরকার থাকে, তাহলে ব্যঞ্জনবর্ণে ক এবং কা নেই কেন? এ রকম অসংখ্য প্রশ্ন করা হয় মঞ্চের শিক্ষকদের উদ্দেশে।বরিশাল ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতা করেছে বরিশাল প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার পক্ষ থেকে সভাপতি শোভন কর্মকার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সবাইকে ধন্যবাদ জানান। বরিশাল বন্ধুসভার শামরী রহমান একটি নৃত্য পরিবেশন করেন। প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মঞ্চে আসেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক। তিনি গান গেয়ে সবাইকে মাতিয়ে শেষ করেন বরিশাল অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১৩।