ভাষার মর্যাদা রক্ষার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনলতা সেন, কাঁচাগোল্লা আর উত্তরা গণভবনের দেশ নাটোর। গণভবনের প্রবেশদ্বারে গড়ে উঠেছে দিঘাপতিয়া এম কে কলেজ। যার চত্বরে এবার অনুষ্ঠিত হলো অষ্টম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের রাজশাহী আঞ্চলের আঞ্চলিক উৎসব।নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, পাবনা আর নাটোর জেলার শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বর যেন সোনার ধানে ভরে গেল।বাজল জাতীয় সংগীত। বাতাসে সেই সুর ছড়িয়ে পড়ল দূর থেকে দূরে। ভাষা প্রতিযোগের পতাকা তুললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। আর জাতীয় পতাকা তুললেন দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক। তিনি উৎসবের উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে বললেন, ‘ভাষাশহীদেরা জীবন উৎসর্গ করেছেন মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য। আর এখন বাংলা ভাষার মর্যাদা বাড়ানোর দায়িত্ব তোমাদের। শুধু বাংলা ভাষায়নয় সকল ভাষার মর্যাদার রক্ষার শপথ নিতে হবে।’ঘণ্টা বাজল পরীক্ষার। শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে ছুটল পরীক্ষার হলগুলোর দিকে। বন্ধুসভার বন্ধুরা ছুটল সাহায্য করতে। পরীক্ষার ভীতিকর পরিবেশ এখানে নেই সত্যি। সবার প্রচেষ্টায় পরীক্ষা যেন বদলে গেল উৎসবে! হইহল্লা মিলিয়ে গেল পরীক্ষা শুরু হতেই। ঋত্বিক অধিকারী নাটোর সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। পরীক্ষা দ্রুত শেষ করেছে। কিন্তু খাতা দিচ্ছে না। মাত্র দুটি উত্তর দিতে পারেনি, এই নিয়ে তার মন খারাপ! এমনকি ফল ঘোষণার সময়ও নেই। অথচ সে-ই প্রাথমিক বিভাগে দ্বিতীয় বিজয়ী হয়েছে।এল সেই মোক্ষম সময়, যখন প্রশ্ন করার সুযোগ পেল শিক্ষার্থীরাূ। উত্তর দেওয়ার জন্য তখন প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ সিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান খান ও মোস্তফা তারিকুল আহসান, প্রাবন্ধিক ফরহাদ খান। শত শত শিক্ষার্থী তখন প্রশ্ন করার জন্য উদগ্রীব। প্রশ্ন করল রবিউল ইসলাম। ‘পহেলা ফেব্রুয়ারি’, ‘দোসরা ফেব্রুয়ারি’র জায়গায় এখন ‘১ ফেব্রুয়ারি’, ‘২ ফেব্রুয়ারি’ বলে কেন? প্রশ্ন করল চতুর্থ শ্রেণীর ছোট্ট আবিয়াজও। ছোট্ট হাতটা তুলে ছিল অনেকক্ষণ। সঞ্চালক তারিক মনজুরের চোখে পড়ায় সেও একটা প্রশ্ন করার সুযোগ পেল। ভালো প্রশ্ন করার জন্য পুরস্কারও পেল অনেকেই। প্রশ্ন-উত্তর পর্বের উত্তেজনায় ভাটা দেখা দিলেই মঞ্চে হাজির হন অরুণ বসু। তাঁর ভরাট গলার আবৃত্তি কখনো দুঃখজাগানিয়া হয়ে ওঠে, আবার কখনো সরল আনন্দ ছড়িয়ে পড়ে বড় মাঠটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। লেখক গোলাম কামরান শিক্ষার্থীদের শোনালেন ভাষা আন্দোলনে নাটোরের ভূমিকার কথা। উৎসবকে আরও আনন্দময় করতে হাজির ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। অন্যান্য গানের সঙ্গে গাইলেন সেই বিখ্যাত গান—‘আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই’। তাঁর সঙ্গে সঙ্গে গাইল সবাই, সুর করে, সুর ধরে। সবাইকে সুরের মায়ায় বেঁধে একসময় মঞ্চ ছাড়লেন তিনি। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলো নাটোর বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায়ছিলেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।সবশেষে পুরস্কার ঘোষণার পালা। কোথায় পুরস্কার পাওয়া নামগুলো ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তেজনা কমতে থাকার কথা! কিন্তু এখানে উৎসাহের পারদ বাড়তেই থাকে। কারণ, নামগুলো ঘোষণা হচ্ছিল শেষ থেকে। মা-বাবারাও তাঁদের সন্তানের সাফল্যের আনন্দে শিশুদের মতোই খুশি হয়েছেন। আয়েশা ছিদ্দিকা এসেছিলেন তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে। দুজনই পুরস্কার পেয়েছে। চোখভরা আনন্দ নিয়ে তিনি বলছিলেন, ‘এমন দুটি ছেলেমেয়ের মা হতে পেরে আমি সত্যিই বড় খুশি।’ সেই কাকভোরে তাঁরা এসেছিলেন, সূর্য এখন পশ্চিমে ঢলে পড়েছে। গোধূলির ছায়া মেখে গর্বিত মা-বাবারা তাঁদের সন্তানকে জাপটে ধরে বাড়ি ফিরে যাচ্ছেন, উৎসব শেষে এর চেয়ে ভালো দৃশ্য আর কী-ই বা হতে পারে।