ভাষার সঙ্গে আনন্দময় একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত শত শিক্ষার্থী গোল হয়ে দাঁড়িয়েছে। সবার চোখ এক থোকা বেলুনের দিকে। ‘এক দুই তিন’ বলার সঙ্গে সঙ্গে একটা জোরে চিৎকার। বেলুন দিল আকাশপানে ছুট, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা খানিকটা সময়ের জন্য সেদিকেই তাকিয়ে রইল।পুরান ঢাকার গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে গতকাল শুক্রবার সকালে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের ঢাকা-১ অঞ্চলের শুরুটা ছিল এমনই উৎসবমুখর। সব মিলিয়ে বাংলা ভাষার সঙ্গে আনন্দময় একটি দিন কাটিয়েছে শিক্ষার্থীরা। এতে পুরান ঢাকা ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তবে অনুষ্ঠানে বিষাদের ছায়া ঘনিয়েছিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রয়াণের শোকে। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ভাষার পতাকা ওড়ানো হলেও তা রাখা হয় অর্ধনমিত। এর পরে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। বাংলা ভাষার মাধ্যমেই এ দেশের শিক্ষার্থীরা গৌরব অর্জন করবে এবং বাঙালি জাতি হিসেবে সারা বিশ্বে বাংলাকে মাথা উঁচু করে রাখবে। এ প্রতিযোগের উদ্দেশ্য হলো নতুন নতুন শব্দ শেখা। নিজেদের ভাষার ভান্ডারকে আরও সমৃদ্ধ করা।’প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করে গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমান বলেন, ‘পুরান ঢাকায় ভাষা প্রতিযোগের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা বাংলা ভাষা শেখার প্রতি আরও উৎসাহী হবে।’ উদ্বোধনের আনুষ্ঠানিকতার পালা শেষে ঘণ্টা পড়ল। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই তিন বিভাগে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। লক্ষ্মীবাজারের বাসিন্দা শিউলী রানী দাশ এসেছিলেন সেন্ট গ্রেগরি স্কুলের পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে অনির্বাণ শিখাকে সঙ্গে নিয়ে। জানালেন, মেয়ের তাগিদেই প্রতিযোগে অংশ নেওয়া। এবারই প্রথম সে অংশ নিয়েছে এ প্রতিযোগে। এ প্রতিযোগের মাধ্যমে ছেলেমেয়েরা বাংলা ভাষার প্রতি আরও উৎসাহিত বলে মনে করেন তিনি। নির্দিষ্ট সময়ের পরীক্ষা শেষে প্রতিযোগীরা যেন মুক্ত বিহঙ্গের মতো এদিক-সেদিক ছোটাছুটি করছিল। কেউ কেউ মাঠের পাশের হেলে পড়া একটি কাঠগোলাপগাছে উঠে পড়ছিল মনের সুখে। এমন সময় মঞ্চ থেকে সবাইকে শামিয়ানার নিচে আসতে বলা হলো। প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু বললেন, ‘এখন তোমাদের সময়। ভাষা নিয়ে ইচ্ছামতো প্রশ্ন করো। আর ভালো প্রশ্নের জন্য পাবে একটি বই।’এ কথা শুনে শিক্ষার্থীরা আরও উচ্ছ্বসিত হলো। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, সহকারী অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রাহেল রাজিব এবং মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক কুদরত-ই-হুদা।‘বাংলা ভাষার জন্য যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়, তাহলে এই ভাষা কেন আন্তর্জাতিক ভাষা হতে পারে না’—শুরুতে এমন ‘কঠিন’ প্রশ্ন শুনে শিক্ষকেরা খানিকটা অবাক হলেন। এর উত্তর দিয়ে প্রশ্নকারীকে ভালো প্রশ্নের জন্য একটি বই পুরস্কার দেওয়া হলো।এক প্রতিযোগী প্রশ্ন করে, ‘পাকিস্তান সরকার তো আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তারা কি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে?’ এ প্রশ্নের জন্যও মিলল পুরস্কার।প্রশ্নোত্তর পর্বে বাংলায় কথা বলার সময় অনেকে ইংরেজি ব্যবহার করে, ইংরেজি ব্যবহারের সময় বাংলা বলে না কেন? সাহিত্যের সংজ্ঞা কী? বাংলা ভাষায় অনেক ভাষার শব্দ আছে, কিন্তু অন্য ভাষার মধ্যে কী বাংলা শব্দ আছে— এমন নানা বুদ্ধিদীপ্ত প্রশ্নের বাণ ছুড়ে দেয় শিক্ষার্থীরা।এ পর্বে ভাষা প্রতিযোগ মঞ্চে আসেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান।দ্বিজেন শর্মা প্রতিযোগীদের প্রকৃতির প্রতি ভালোবাসা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ‘প্রকৃতির কাছে আমরা শুধু পেতে চাই, দিতে চাই না। মানুষ প্রতিনিয়ত প্রকৃতির নিয়ম লঙ্ঘন করছে। প্রকৃতিকে কোণঠাসা করছে। প্রকৃতিকে জানতে গেলে তাকে ভালোবাসতে হবে, তার কাছে আসতে হবে।’ এ পর্বে আরও উপস্থিত ছিলেন এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ্ আল জুবায়ের ও রিফাত ফারুক।প্রশ্নোত্তর পর্ব শেষে পুরস্কার ঘোষণার পালা। শিক্ষার্থীদের অনেকেই এ সময় উৎকণ্ঠিত হয়ে ওঠে। একটা একটা করে নাম ঘোষণা হয় আর হাতে তালি। তিন বিভাগ থেকে ৬০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্বে অংশ নেবে। এতে সেরাদের সেরা হয়েছে সেন্ট গ্রেগরি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অর্ঘ দত্ত। অর্ঘের বাবা সরকারি চাকুরে শ্যামল দত্ত জানান, এ বছরে প্রথম আলো গোল্লাছুট সেরা গল্পলেখকের পুরস্কারও পেয়েছে সে। বড় হয়ে চিকিৎসক হতে চায় অর্ঘ দত্ত। সে জানায়, ‘চিকিৎসক হয়ে গরিব মানুষের সেবা করব, চিকিৎসা ছাড়া যেন কেউ মরে না যায়।’ কথাগুলো বলতে বলতে অর্ঘের চোখ উচ্ছল হয়ে ওঠে।