মোদের গরব, মোদের আশা: ২১ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
ভাষার সুপারপাওয়ার পাপুয়া নিউগিনি
ক্ষমতা ও সম্পদের সুপারপাওয়ার দেশগুলো বরাবরই আতঙ্ক ছড়িয়ে অন্যদের সন্ত্রস্ত অবস্থায় রাখে। আনুগত্য আদায়ের চেষ্টা করে। কখনো এমনকি নির্মমভাবে অন্যের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করে। এক নম্বর সুপারপাওয়ার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ তো বিশ্বের প্রায় সর্বত্রই। কিন্তু ভাষার দিক থেকে এক নম্বর সুপারপাওয়ার পাপুয়া নিউগিনি কোনো ধরনের আধিপত্যের সুযোগ পায়নি। বরং ষোড়শ শতকের শুরু থেকে বহিরাগতদের হস্তক্ষেপে ম্রিয়মাণ হয়ে থেকেছে—কখন বিপন্ন হয় নিজ দেশের মানুষের জীবন ও সংস্কৃতি!সুইডিশ ভাষাতাত্ত্বিক মাইকেল পার্কভাল ভাষা বণ্টনে সৃষ্টিকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন। বর্তমান পৃথিবীর জীবিত ভাষাগুলোর একটি বড় অংশই পাপুয়া নিউগিনিতে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ পাপুয়া নিউগিনি। বাংলাদেশের চেয়ে খানিকটা বড়, লোকসংখ্যা এখনো ৬০ লাখেই পৌঁছেনি, কিন্তু এখনো সেখানে ৮২৩টি মাতৃভাষা ব্যবহূত হয়ে থাকে। সংখ্যার হিসেবে ভাষার সুপারপাওয়ার যারা: পাপুয়া নিউগিনি ৮২৩ইন্দোনেশিয়া ৭২৬নাইজেরিয়া ৫০৫ভারত ৩৮৭মেক্সিকো ২৮৮ক্যামেরুন ২৭৯অস্ট্রেলিয়া ২৩৫গণপ্রজাতন্ত্রী কঙ্গো ২১৮চীন ২০১ব্রাজিল ১৯২যুক্তরাষ্ট্র ১৭৬ফিলিপাইন ১৬৯গত শতকেও পাপুয়া নিউগিনিতে ৮৪৭টি জীবিত ভাষা ছিল, তা দ্রুত কমে যাচ্ছে। গত পাঁচ শ বছরে পৃথিবীর অর্ধেক সংখ্যক ভাষা একেবারে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। উন্নয়নের যে তুমুল প্রতিযোগিতা পৃথিবীজুড়ে ২১০০ সালে ভাষার সংখ্যা অর্ধেকে নেমে যাবে (এথনোলোগ ২০০৫ পরিসংখ্যানে মোট জীবিত ভাষা ৬৯১২)। স্বকীয় বৈশিষ্ট্য হারাবে ভাষার সুপারপাওয়াররা। ভাষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে জীববৈচিত্র্য। ভাষার বিলুপ্তি আর জীববৈচিত্র্য হ্রাস একই সঙ্গে ঘটছে। ২১০০ সালে, আশঙ্কাটি হয়তো সঠিকই হবে, ভাষার মতোই জীববৈচিত্র্য ঠিক অর্ধেক হ্রাস পাবে।জীববিজ্ঞানীরা প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য নিয়ে যে মানচিত্র প্রণয়ন করে থাকেন ঠিক সেই মানচিত্রের অনুসরণে টেরালিঙ্গুয়া নামের একটি মার্কিন ভাষা বিষয়ক প্রতিষ্ঠান ভাষার মানচিত্র প্রণয়ন করেছে। এবার একটি মানচিত্রের ওপর অপর একটি মানচিত্র ফেলে কিংবা পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করলে স্পষ্টভাবেই দেখা যায়, যেখানে বিচিত্র জীবের ছড়াছড়ি ভাষার বৈচিত্র্যও সেখানে বেশি। এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ পাপুয়া নিউগিনি এবং আমাজন অববাহিকা। দুটো অঞ্চলই অত্যন্ত সংবেদনশীল, বিপন্নতাও এখানে সবচেয়ে বেশি। নৃতাত্ত্বিক ও ভাষার গবেষকেরা দেখিয়েছেন জীববৈচিত্র্যের বিনাশ ভাষার ওপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। দ্রুত ভাষারও বিনাশ হতে থাকে। ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম সাদারল্যান্ড তাঁর গবেষণায় দেখিয়েছেন বনাঞ্চলের বিস্তার, উষ্ণমণ্ডলীয় জলবায়ু, পার্বত্য অঞ্চলের ব্যাপকতা ও জলাভূমির বৈচিত্রের ওপর নির্ভর করে প্রাণিজগতের বৈচিত্র্য। গ্রীষ্মমণ্ডলের নৈকট্য, পার্বত্য অঞ্চলের আধিক্য এবং বনাঞ্চলের ‘স্বাস্থ্য’ ভাষার সংখ্যা ও বৈচিত্র্য সংরক্ষণ এবং এমনকি বৃদ্ধিও করে। সাদারল্যান্ড আরও দেখিয়েছেন ভাষার বিপন্নতার হার জীবের বিপন্নতার চেয়ে অনেক বেশি। বিগত অর্ধ সহস্রাব্দে ভাষার বিলুপ্তির হার শতকরা ৪ দশমিক ৫ ভাগ, কিন্তু একই সময়ে স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্তির হার শতকরা ১ দশমিক ৯। পাখির ক্ষেত্রে বিলুপ্তির হার শতকরা ১ দশমিক ৩। প্রফেসর সাদারল্যান্ড ‘কানাগলি প্রভাব’-এর কথা বলেছেন জীব ও ভাষা উভয় ক্ষেত্রেই। বিপন্ন প্রাণিজগতে স্ত্রী কিংবা পুরুষ সদস্যের প্রজনন ক্ষমতা থাকলেও একসময় কানাগলিতে এসে আটকে পড়ার মতো অবস্থা হয়, যখন আর কোনো বিপরীত লিঙ্গের প্রাণী খুঁজে পাওয়া যায় না। এ অবস্থায় বংশবৃদ্ধি ও বিকাশের জৈবিক সুযোগই থাকে না। ভাষার ব্যাপারটাও তা-ই। বিপন্ন জনগোষ্ঠীর সদস্যসংখ্যা হ্রাস পেতে পেতে এমন এক জায়গায় এসে ঠেকে যে ভাষা ব্যবহার করার মতো, সাড়া দেওয়ার মতো কেউ থাকে না। কানাগলিতে আটকা পড়ে ভাষার সুপারপাওয়ারও হেরে যেতে থাকে। এই বিপন্নতা পাপুয়া নিউগিনিরই সবচেয়ে বেশি।