‘চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কাউকে মনে পড়া বোঝাতে বলা হয় “পেট পুড়ছে”। মনে পড়ার সঙ্গে পেট পোড়ার সম্পর্ক কোথায়?’; ‘রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম বাংলা ভাষার জন্য কী কী নতুন শব্দ তৈরি করেছেন?’; ‘পৃথিবীতে এমন কোনো ভাষা কি আছে, যার সঙ্গে অন্য কোনো ভাষার মিশ্রণ ঘটেনি?’—প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগে অংশ নেওয়া চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে এমন সব প্রশ্নবাণে জর্জরিত করল উপস্থিত অতিথিদের। অতিথিদের একজন অবশ্য স্বীকার করে নিলেন, ভাষা প্রতিযোগের এই চতুর্থ আসরে তাঁরা বেশ ভালো প্রশ্ন পেয়েছেন।চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে আয়োজন করা হয় চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ। গতকাল ছিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যু উপলক্ষে ঘোষিত তিন দিনব্যাপী জাতীয় শোক দিবসের তৃতীয় দিন। তাই প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা ওড়ানো হয়। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকার পাশাপাশি ভাষা প্রতিযোগের পতাকাও অর্ধনমিত রাখা হয়। সেই সঙ্গে নির্ধারিত গানের অনুষ্ঠানও বাদ দেওয়া হয়। ভাষা প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহুরন সবুর। তিনি বলেন, ‘আমরা খারাপ সময় পার করছি। কিন্তু তোমাদের দেখে আশাবাদী হয়ে উঠি। তোমরা যখন একদিন বড় হবে, তখন কেউ ভাষাশহীদ আর মুক্তিযুদ্ধের শহীদদের ভুলবে না। তাঁদের স্মরণে রাখবে। এই না ভোলার শপথ নিয়ে উদ্বোধন ঘোষণা করলাম।’ গতকাল সকাল থেকেই প্রতিযোগীরা দল বেঁধে, কেউ কেউ বাবা-মায়ের হাত ধরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১০টা ২০ মিনিটে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে পরীক্ষা হয়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বুদ্ধিমত্তার ছাপসংবলিত প্রশ্নের জন্য পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে বই। এ পর্বের সঞ্চালক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষক সৌরভ সিকদার, বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ।প্রশ্নোত্তর পর্বের মধ্যেই মঞ্চে আসেন পাখিবিশারদ শরীফ খান। তিনি পাখিকে ভালোবাসতে অনুরোধ জানিয়ে বলেন, ‘তোমরা পাখিদের যত্ন নেবে। এদের রক্ষা করবে। কারণ, পাখি না থাকলে আমরাও ভালো থাকব না।’ সাজ্জাদ শরিফ বলেন, ভবিষ্যতে দেশ চালাবে তোমরা। ভাষা, অঙ্কসহ নানা বিষয়ে তোমাদের দক্ষতা অর্জন করতে হবে। গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে প্রতিযোগিতায় লড়ে তোমরা নিজেদের বড় করে তুলবে।’ প্রশ্নোত্তর আর আলোচনার মাঝখানে কয়েকজন প্রতিযোগী গান ও আবৃত্তি পরিবেশন করে। সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে যোগ দেন প্রথম আলোর চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন, এইচএসবিসির কর্মকর্তা মো. নওশাদ একরামুল্লাহ প্রমুখ। চার বিভাগে ৬০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগে সেরাদের সেরা হয়েছে, প্রাথমিক বিভাগ থেকে চট্টগ্রাম খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী দীপান্বিতা রায়। চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশ নেয় অনুষ্ঠান সফল করতে। সার্বিকভাবে সহযোগিতা করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।