ভাষাসংগ্রামীদের সম্মেলন ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে ভাষাসংগ্রামীদের নিয়ে তিন দিনের সম্মেলনের আয়োজন করেছে ‘একুশে চেতনা পরিষদ’। এতে ৬০ থেকে ৭০ জন ভাষাসংগ্রামী যোগ দেবেন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সাভারের গণস্বাস্থ্যকেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে একুশে চেতনা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে বায়ান্নর ভাষাসংগ্রামীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও জীবিত ভাষাসংগ্রামীদের সম্মাননা জানানো হবে বলে জানায় সংগঠনটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক কামাল লোহানী। তিনি সর্বস্তরে বাংলার প্রচলনের দাবিতে বেশকিছু দাবি উত্থাপন করেন। এ সময় একুশে চেতনা পরিষদের নেতা সৈয়দ জিয়াউল হক, জামিল আখতার, বাবুল বিশ্বাস, নওশাদ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।