ভাষায় দক্ষ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা বলেছেন, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সব সময় সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার চর্চা করতে হবে। নিজের জ্ঞান শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিভিন্ন শাখার মনোযোগী পাঠক হতে হবে। মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জন করতে হবে।প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগিতায় গতকাল শনিবার নাটোর, ঝিনাইদহ ও রাজশাহীর বাগমারার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানের প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও ও প্রথম আলো ডটকম। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: সকাল ১০টায় শহরের সাহারা প্লাজা মিলনায়তনে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে জেলার ছয় উপজেলার এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে মাদক, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ বলে। আলোচনা পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জন করতে হবে। পরিপূর্ণ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান জানান পাবনা এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখর কুমার স্যান্যাল। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক সুবিদ কুমার মৈত্র বলেন, ‘আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব তোমাদের। এ জন্য নিজেকে যথার্থভাবে তৈরি করতে হবে।’ ভালো ফলের পাশাপাশি সৃজনশীল কাজের ক্ষেত্রেও নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউসিবির নাটোর শাখার ব্যবস্থাপক ইমতিয়াজ কবীর, কৃতী শিক্ষার্থী সালসাবির তালুকদার, রাবিয়া তামালতিয়া, হাসান হাফিজুর রহমান, ইসরাত জাহান প্রমুখ।অনুষ্ঠানে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানুর হাতে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পদক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতা আবৃত্তি করে কৃতী ছাত্রী নূসরাত জাহান। গান গেয়ে শোনায় মুস্তাফিজুর রহমান ও আকিদ মাহমুদ। নৃত্য পরিবেশন করেন সালসাবিল তালুকদার। সবশেষে ক্লোজআপ-ওয়ান তারকা আতিক গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন। ঝিনাইদহ: শহরের পৌর কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টায় মূল অনুষ্ঠান শুরু হয়। এতে জেলার ছয় উপজেলার সাত শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান।আলোচনায় অংশ নিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষক সাইফুল আলম বলেন, আলোর পথের যাত্রী হওয়ার জন্য বেশি করে বই পড়তে হবে। সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতে ধরে রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন প্রথম আলোর উপপ্রধান প্রতিবেদক শিশির মোড়ল।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি রুপালী পারভিন, সাধারণ সম্পাদক সাইক-আল জামি, উপদেষ্টা শাহীনূর আলম প্রমুখ।অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনান রনি কুমার দাস, তানজুল ইসলাম, মেহজাবিন আক্তার, নওশীন লাইলা ও ক্লোজআপ-ওয়ান তারকা পলাশ। বাগমারা (রাজশাহী): সকাল ১০টায় বাগমারার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উপজেলার আড়াই শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ। ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এরশাদ আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে এ ফলাফল ধরে রাখতে হবে।’ দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার আহ্বান জানান প্রবীণ শিক্ষক রমজান আলী। শিক্ষক শাহজাহান আলী বলেন, এই বয়সে নানা প্রলোভন আসতে পারে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক ও দুর্নীতিকে ‘না’ বলার শপথ পাঠ করান বাগমারা বন্ধুসভার উপদেষ্টা প্রভাষক মেজবাহুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক ইয়াছিন আলী, শাহজাহান আলী, আতাউর রহমান, জিয়াউল আলম, মোল্লাহ এম আলতাফ হোসেন, শাহিন আক্তার, হাসানুজ্জমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় মচমইল উচ্চবিদ্যালয়কে। পুরো আয়োজনের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন বন্ধুসভার রেজাউল হক, চায়না খাতুন, মহসিন আলী, রফিকুল ইসলাম, দুলু, নাসিম আহমেদ। কৃতী শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও কৌতুক শোনায়।