ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে অনিয়ম, চুক্তি বাতিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নেওয়া ‘ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে’ অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড’ (এনএসপিডিএল) সরকারের সঙ্গে করা চুক্তি মানেনি। প্রতিষ্ঠানটি প্রকৃত বস্তিবাসী ও নিম্ন-আয়ের লোকদের ফ্ল্যাট না দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে প্রবাসীসহ উচ্চ-আয়ের ব্যক্তিদের কাছে বেশির ভাগ ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে।এ প্রকল্পের আওতায় ১২ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণের কথা। এসব ফ্ল্যাট যে দামে বিক্রির জন্য সরকারের সঙ্গে চুক্তি করা হয়েছিল, তার চেয়ে তিন থেকে পাঁচগুণ বেশি দামে বিক্রি করা হয়েছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করাসহ ভূমি মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা বা পরামর্শ না মানারও অভিযোগ আছে।সরকারি বিভিন্ন তদন্ত কমিটি ও গোয়েন্দা সংস্থা এসব অভিযোগের সত্যতা পাওয়ায় এনএসপিডিএলের সঙ্গে করা চুক্তি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে।জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থার বিরুদ্ধে প্রতারণা, অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ছিল এবং তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানটি মন্ত্রণালয়কে কিছু না জানিয়ে, চুক্তি না মেনে ইচ্ছেমতো বেশি দামে ফ্ল্যাট বিক্রি করেছে। অনেক দিন ধরে এ প্রকল্পে এমন অনিয়ম হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাধ্য হয়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’কেন এই প্রকল্প: অপরিকল্পিতভাবে রাজধানীতে যাতে কোনো বস্তি গড়ে না ওঠে, সে জন্যই ‘ঢাকা মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য রাজধানীর সরকারি জমিতে বহুতলবিশিষ্ট ভবনে পুনর্বাসন’ নামে ভাসানটেক পুনর্বাসন প্রকল্প শুরু হয়। প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতে নর্থ সাউথ ডেভেলপমেন্ট লি. ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি বেসরকারি বিনিয়োগকারী হিসেবে নির্বাচিত হয়।মিরপুর ১৫ নম্বর সেকশনের ভাসানটেকের থামালতোট ও লালাসরাই মৌজায় ৪৭ দশমিক ৯০ একর সরকারি জায়গায় এ প্রকল্প অবস্থিত। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় ও এনএসপিডিএলের মধ্যে চুক্তি সই হয়। ২০০৪ সালের ১০ জানুয়ারি সরকার এ প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর করে ও কার্যাদেশ দেয়। চুক্তি অনুযায়ী এ প্রকল্পে মোট ১২ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণের কথা। এর মধ্যে ‘এ’ টাইপ ফ্ল্যাটের সংখ্যা সাত হাজার ৫৬০টি, যার আয়তন হবে ২১৫ বর্গফুট। এর দাম হবে দুই লাখ টাকা। নিম্নবিত্তদের জন্য ‘বি’ টাইপ ফ্ল্যাটের সংখ্যা পাঁচ হাজার ৪০টি, যার আয়তন ৩৯৫ বর্গফুট। এর দাম হবে তিন লাখ ৫৫ হাজার টাকা। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৫০ কোটি টাকা। কিন্তু বর্তমানে এর ব্যয় এক হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।বিভিন্ন কমিটির তদন্ত প্রতিবেদন: প্রকল্পটি শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ আসতে থাকে। ভূমি মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কমিটি তাদের অনুসন্ধান শেষে দেওয়া প্রতিবেদনে মন্ত্রণালয়কে জানায়, ‘ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের’ বিনিয়োগকারী সংস্থা এনএসপিডিএল বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। এ প্রতিষ্ঠান নিবন্ধন ফি, সেবা খাত, মসজিদে চাঁদা, ফ্ল্যাটের অতিরিক্ত কাজ বাবদ অতিরিক্ত টাকা, পার্কিং ফিসহ বিভিন্ন অর্থ জোর করে আদায় করেছে এবং ইচ্ছামতো ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করে বিক্রি করছে। প্রতিষ্ঠানটি ফ্ল্যাট বিক্রির জন্য দেশ-বিদেশের ঠিকানা উল্লেখ করে প্রতিটি ফ্ল্যাটের জন্য নানাভাবে টাকা নিয়েছে। অথচ এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পে যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁরা কেউই আগে ভাসানটেক বস্তিতে বসবাস করেননি। তদন্ত কমিটির সুপারিশে বলা হয়, যেসব ফ্ল্যাটের মূল্য ও অন্যান্য ফি বেশি নেওয়া হয়েছে, তা ফেরতের ব্যবস্থা নেওয়া হোক। এ ছাড়া এনএসপিডিএলের ফরম বিক্রি, জামানত সংগ্রহ ও বরাদ্দ-সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা আনতে চুক্তি ও বরাদ্দ নীতিমালা অনুযায়ী শুধু ব্যাংকের মাধ্যমে ফরম বিক্রয় ও আমানতের অর্থ নেওয়া যেতে পারে।জানতে চাইলে এনএসপিডিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম প্রথম আলোর কাছে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী যে মূল্য নির্ধারণ করা হয়েছে, সে মূল্যেই ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। এ ছাড়া অন্যান্য যেসব টাকা আদায় করা হয়েছে, তাও চুক্তি মোতাবেক হয়েছে। প্রবাসীসহ অন্যদের কাছে ফ্ল্যাট বিক্রির বিষয়ে চেয়ারম্যান বলেন, যে কাউকেই ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার আগে সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। সরকার সে সময় কোনো আপত্তি করেনি।বর্তমানে কাজের অগ্রগতি সম্পর্কে আবদুর রহিম বলেন, ১২ হাজার ৬০০ ফ্ল্যাটের মধ্যে ইতিমধ্যে ৮০০ ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো ২০১৩ সালের মধ্যে হস্তান্তর করা হবে।সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ২০১০ সালের মধ্যে সব ফ্ল্যাট হস্তান্তর করার কথা ছিল।চুক্তি বাতিলের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ: ভূমি মন্ত্রণালয় পুরো বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে একটি সারসংক্ষেপ তৈরি করেছে। এতে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে বলা হয়েছে, এনএসপিডিএলকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও নির্মাণকাজ এগোচ্ছে না। মন্ত্রণালয় আইনগতভাবে চুক্তি বাতিলের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।ভাসানটেক পুনর্বাসন প্রকল্প ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মারুফ হাসান ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে জানিয়েছেন, এনএসপিডিএল এই প্রকল্পে বসবাসরত ব্যক্তিদের বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে।এ বিষয়ে প্রকল্পের পরিচালক (উপসচিব) পুণ্যব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কোনো ভয়ভীতিতে কাজ হবে না। আমরা এ প্রকল্পের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর আগে সালিস বোর্ডের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে চুক্তির শর্ত পালনে সম্মত করার চেষ্টা করা হবে।’