যে উদ্দেশ্য সামনে রেখে রাজধানীর ভাসানটেক ফ্ল্যাট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন না করে জাতীয় স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে নিজেদের পছন্দের লোকদের। তাই অবিলম্বে এ প্রকল্পে নিযুক্ত উন্নয়নকারী কোম্পানির (ডেভলপার) সঙ্গে চুক্তি বাতিল করা উচিত। জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আজ মঙ্গলবার এই সুপারিশ করা হয়েছে।সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।সভায় সামরিক প্রশিক্ষণের জন্য ঢাকার ৯১৬ দশমিক ৩৫ একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্তের বিষয় আলোচনা হয়। উপস্থিত একাধিক সদস্য ঢাকার নাগরিক সুবিধার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত বাতিল করা উচিত বলে মন্তব্য করেন। সভার মাধ্যমে এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়কে সুপারিশও করা হয়।সভায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৭টি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খাসজমি বরাদ্দে এখনো অগ্রগতি নেই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানানো হয়।