ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থী। একই সঙ্গে ৮ জানুয়ারি থেকে খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন এফটিএনএস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. আবদুল্লাহ আল হাদী, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. মাইনুল হাসান, তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. শামীম-উল হক ও প্রথম সেমিস্টারের কে এইচ আল আমিন, নুর নবী সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম, মো. কাউসারুল আলম এবং দ্বিতীয় বষের্র প্রথম সেমিস্টারের সুব্রত কর্মকার।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ ৪ জানুয়ারি ২০১১ থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হবে এবং বিহষ্কৃত শিক্ষার্থীদের বিনা অনুমতিতে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিএসসি (সম্মান) ডিগ্রির পরিবর্তে বিএসসি প্রকৌশলী ডিগ্রির দাবিতে গত বছরের ১২ জুলাই থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, সহ-উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এ সময় ১১ ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ওই বিভাগের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।ঘটনা তদন্তের জন্য পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউনুস মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।