ভাসে লাশ ডোবে মানবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব ও রায়পুরা এবং কিশোরগঞ্জের ভৈরব লাগোয়া তিনটি উপজেলা। তিন উপজেলার সীমানা মাড়িয়ে স্বাভাবিক গতিতে চলে গেছে ব্রহ্মপুত্র নদ। কিন্তু এই নদকে কেন্দ্র করে সেখানে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি।গত বুধবার বেলা একটার দিকে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকার লোকজন ব্রহ্মপুত্র নদে লাশ দুটি ভাসতে দেখেন। তাঁরা এ তথ্য ভৈরব থানার পুলিশকে জানান। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নৌকায় গিয়ে লাশ দুটি নদের কিনারে নিয়ে আসে। ডাঙায় তোলার সময় হঠাৎ পুলিশের এক সদস্য বললেন, ‘এটি তো আমাদের থানার জলসীমা নয়। লাশ তো নরসিংদীর বেলাব থানার জলসীমায়।’ব্যস, লাশ দুটি পানিতে রেখে ভৈরব থানার পুলিশের সদস্যরা ডাঙায় উঠে আসেন। তবে তাঁরা খবর দেন বেলাব থানার পুলিশকে।বিকেল সাড়ে পাঁচটার পর বেলাব থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ততক্ষণে লাশ দুটি ভাসতে ভাসতে আধা কিলোমিটার দক্ষিণে চলে গেছে। দেখেশুনে বেলাব থানার পুলিশ জানায়, লাশ এখন রায়পুরার দিকে আছে। তারা খবর দেয় রায়পুরা থানার পুলিশকে।রাত আটটার পর রায়পুরা থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তারা ঘটনাস্থল ঘুরে দেখে। তারপর জানায়, লাশ দুটি এখন আর তাদের সীমানায় নেই।এই করতে করতে ১২ ঘণ্টা পার হয়। শেষে বুধবার রাত ১২টার পর তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একসঙ্গে ঘটনাস্থলে আসেন। তাঁরা নৌকা নিয়ে যান লাশের কাছে। সেখানে সীমানা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, লাশ দুটির দায়িত্ব নেবে রায়পুরা থানার পুলিশ।রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে রায়পুরা থানায় নেওয়া হয়। লাশ দুটি পুরুষের। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০। একজনের পরনে লুঙ্গি, অন্যজনের লুঙ্গি ও গেঞ্জি।গতকাল বৃহস্পতিবার সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় লাশ দুটি। সুরতহাল প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে রায়পুরা থানার ওসি আবদুল বাতেন জানান, লাশ দুটিতে পচন ধরেছে। আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।তবে পুরো ঘটনায় আঘাত পেয়েছেন স্থানীয় মানুষ। এর কারণ, সমাজে মরদেহের মর্যাদা। বুধবার সন্ধ্যা পর্যন্ত যে কয়েক শ লোক নদীর পাড়ে অপেক্ষা করছিলেন, তাঁরা এই টানাহেঁচড়ায় বিস্মিত, ব্যথিত।দিনভর এ ঘটনা কাছ থেকে দেখেছেন ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মহল্লার মুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন। আক্ষেপ করে তিনি বললেন, ‘এই দেশে মানুষের কোনো দাম নেই। জীবিত থাকলেও না, মরলেও না। এটা আমাদের সমাজব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক পর্যায় পর্যন্ত মানবিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তোলে।’লাশ নিয়ে টানাহেঁচড়ার বিষয়ে আরেক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বলেন, ‘মৃতদেহের দায়িত্ব নেওয়া নিয়ে সারা দিন পুলিশের যে ভূমিকা দেখলাম, তা কাম্য হতে পারে না।’প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এস এ জনি বলেন, যা ঘটেছে তা মানুষের প্রতি মানুষের ভালোবাসা কিংবা দায়িত্ববোধের ইঙ্গিত বহন করে না।লাশ উদ্ধারে গিয়েও ফিরে আসার কারণ ব্যাখ্যা করেছেন ভৈরব থানার ওসি শাহজাহান কবির। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্রহ্মপুত্র নদটিই আমাদের নয়। তার পরও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গিয়ে দেখি, এটি বেলাব থানার অধীনে। বেলাব থানাকে জানিয়ে আমরা চলে আসি।’বেলাব থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, আসলে লাশ দুটির অবস্থান ছিল রায়পুরা থানার অধীনে। পরে রাত ১২টার দিকে তিন থানার ওসি একত্র হয়ে ঘটনাস্থলে গিয়ে সিদ্ধান্ত হয় এবং লাশ দুটি রায়পুরা থানার পুলিশ বুঝে নেয়।ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুরা থানার ওসি আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।’ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আহমেদ বলেন, নদীতে মৃতদেহ পাওয়া গেলে সীমানা নির্ধারণ নিয়ে কিছুটা ঝামেলায় পড়তে হয়। পুলিশ আইনে বলা আছে, ঘটনাস্থল যে থানায়, মামলাটি সেই থানায় হতে হবে। মামলা হওয়ার পর ঘটনাস্থল ভুল প্রমাণিত হলে পুলিশকে আইনি জটিলতায় পড়তে হয়।কিশোরগঞ্জ আদালতের আইনজীবী মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, হত্যা মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনাস্থল। কোনো কারণে ঘটনাস্থল এক থানা আর মামলা যদি অন্য থানায় হয়, তাহলে মামলার স্বাভাবিকতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।তবে পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় মৃতদেহ নিয়ে পুলিশকে বিশেষ করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। ময়নাতদন্ত থেকে শুরু করে মৃতদেহ দাফন করা পর্যন্ত প্রত্যেক সরকারের কাছ থেকে তারা এক হাজার ৫০০ টাকা খরচ হিসেবে পায়। কিন্তু সব প্রক্রিয়া শেষ করে একটি মরদেহ দাফন করতে কমপক্ষে ছয় হাজার টাকা লাগে। বাড়তি টাকাটা যেভাবেই হোক জোগাড় করতে হয় পুলিশকে। অযাচিত এই খরচ এড়াতে চায় পুলিশ।পুলিশেরই আরেকটি সূত্র জানায়, প্রতিটি থানায় এক মাসে সংঘটিত অপরাধের তালিকা করতে হয়। এ হিসাব সরকারের বিভিন্ন দপ্তরে যায়। খুন, লাশ উদ্ধার এবং ডাকাতির মতো বড় অপরাধের সংখ্যা বেড়ে গেলে ওসিকে তিরস্কার শুনতে হয়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও এ নিয়ে আলোচনা হয়। তারপর আছে মামলার দীর্ঘ প্রক্রিয়ায় অংশগ্রহণ। তাই এ ধরনের লাশের ক্ষেত্রে সুযোগ থাকলেও পুলিশ দায়িত্বে নিতে চায় না।