পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে মাঠে-ময়দানে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধ। মিত্র বাহিনীর সহায়তায় কামান-ট্যাংক-মেশিনগান-রাইফেল নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ। যুদ্ধে কোথাও কোথাও বিধ্বস্ত সেতুর ধ্বংসাবশেষ। পাকিস্তানি সামরিক বাহিনীর মানবতাবিরোধী কর্মকাণ্ড ও তাদের দোসরদের হত্যাযজ্ঞ, লুট-নির্যাতন এড়াতে শরণার্থীর ঢল। রেসকোর্স ময়দানে জেনারেল অরোরার কাছে নিয়াজির আত্মসমর্পণ।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এসব চিত্র উঠে এল ভাস্কর্যে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভগদগাজী গ্রামে ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেই ইতিহাস বয়ানের উদ্যোক্তা গ্রামের একদল যুবক। উদ্দেশ্য, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা। সবার জন্য উন্মুক্ত মাসব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে গত ১৭ এপ্রিল। আর ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন নীলফামারীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ।সরেজমিনে এক দিন: গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে ভগদগাজী গ্রামে গিয়ে দেখা যায়, ভগদগাজী দ্বিমুখী বিদ্যালয়ের সামনের মাঠে চলছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী দেখতে ভিড় করেছে শত শত নারী-পুরুষ ও শিশু। প্রদর্শনীর প্রবেশ ফটকের সামনে বাঁশের তৈরি শহীদ মিনার। ভেতরে রাস্তার দুই পাশে মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক। লেকের পাড়ে সবুজ ঘাস।কাপড়ের প্যান্ডেলের ভেতরে প্রথমেই নজরে পড়ে ডান হাতের তর্জনী তুলে ৭ মার্চের ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাইকে বাজছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সঙ্গে থেমে থেমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের সঙ্গে প্রদর্শনীতে স্থান পেয়েছে চার যুগের সংস্কৃতির স্মারক। পুতুলনাচ, সার্কাস, দেশীয় খাবার ও হস্তশিল্পের পসরা প্রদর্শনীকে ভিন্ন মাত্রা দিয়েছে।যেভাবে শুরু: বাপ-দাদার মুখে মুক্তিযুদ্ধের নানা ঘটনার কথা শুনে উজ্জীবিত হন ভগদগাজী গ্রামের বাকুন্দা তরুণ সংঘের হিরু চৌধুরী, বিপ্লব চৌধুরী, প্রেমলালসহ একদল যুবক। ভাবনায় আসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার। কিন্তু পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে দেখা দেয় মতভেদ। কেউ কবিগানের মাধ্যমে, কেউ বা নাটকের মাধ্যমে প্রচার করার প্রস্তাব দেন। হিরু চৌধুরী মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করে প্রদর্শনী আয়োজনের প্রস্তাব দেন। কিন্তু ভাস্করশিল্পী পাবেন কোথায়? অবশেষে নীলফামারীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ যুবকদের আগ্রহের কথা শুনে আবেগে কেঁদে ফেলেন। গত বছর নভেম্বরের শেষ দিকে শুরু হয় কাজ। এলাকার বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রদর্শনীর বিষয় নির্ধারণ করা হয়। টানা প্রায় পাঁচ মাস কাজ করার পর শেষ হয় মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত ভাস্কর্য। ভাস্কর্য তৈরির মোট খরচ ১০ লাখ টাকা অনুদানের মাধ্যমেই সংগ্রহ করা হয়।উদ্যোক্তাদের কথা: মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রদর্শনী কমিটির সভাপতি হিরু চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, তাঁর কাছ থেকে শুনেছি, আমার দাদাকে পাকিস্তানি সেনারা বাঘের খাঁচায় ছুড়ে হত্যার চেষ্টা করে। শৈশব থেকেই মুক্তিযুদ্ধের এমন কাহিনি কষ্ট দিত।’ কমিটির সাধারণ সম্পাদক মমতাজ আলী বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যগুলোকে স্থায়ী করা গেলে প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা সহজ হবে।দর্শকদের অনুভূতি: ভগদগাজী দ্বিমুখী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আনজুমান আরা জানায়, ‘মায়ের মুখে শুনেছি মুক্তিযোদ্ধা নানার বীরত্বের গল্প। এখানে যেন সেই সময়ের দৃশ্যই চোখে পড়ল।’ বাবার সঙ্গে প্রদর্শনী দেখতে এসে নাভিদ-উল ইসলাম বলল, ‘মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানলাম।’ ‘মুক্তিযুদ্ধের সঙ্গে ১৯৪৭ সালের দেশ ভাগ, ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর নির্বাচন, ’৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থানের ঘটনাও ভাস্কর্যের মাধ্যমে প্রদর্শন করা হলে ধারণা আরও স্বচ্ছ হতো।’ কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র আবদুল মজিদ।উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, এ অঞ্চলের মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এমন ভাস্কর্য প্রদর্শনী একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রদর্শনীটি স্থায়ী রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বিদায়ী জেলা প্রশাসক মুনশি শাহাবুদ্দিন আহমেদ।