ভাস্কর্যে চিরায়ত নারী
পথ চলছেন তাঁরা। মা দৃঢ়মুষ্ঠিতে ধরে আছেন ছোট্ট সন্তানটির হাত; প্রায়ই যেমন দৃশ্য চোখে পড়ে শহরের পথে। অপত্যস্নেহ ও দায়িত্ববোধের দৃশ্যটিকেই ব্রোঞ্জে রূপায়িত করেছেন ভাস্কর সিগমা হক। অন্য দৃশ্যটিও বেশ চেনা। দুই নারী মেতে আছেন খোশগল্পে। এই কাজটির নাম ‘আড্ডা’।বাঙালি নারীর জীবনের এমনই কিছু প্রাত্যহিক ঘটনার মুহূর্তকে নিয়ে ভাস্কর্য রচনা করেছেন সিগমা হক। তাঁর এসব কাজ নিয়ে ‘চিরায়ত নারী’ নামের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে গত শুক্রবার থেকে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। প্রদর্শনীতে নারীদের সন্তানধারণ, লালন-পালনের মাধ্যমে মমত্ববোধ ও দায়িত্বশীলতার বিষয়টিকেই তিনি প্রাধান্য দিয়েছেন তাঁর কাজে। এসব কাজে সন্তান কোলে, সন্তানের সঙ্গে খেলা, পরিচর্যাসহ নানা পর্যায় উঠে এসেছে। এ ছাড়া নারীদের জীবনযাপনের নানা মুহূর্তকেও তিনি তুলে ধরেছেন। এই প্রদর্শনীতে ভাস্কর্যের পাশাপাশি শিল্পীর কিছু রেখাচিত্র ও জলরঙের ছবিও রয়েছে। প্রদর্শনীটি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।