ভাস্কর্যে ভাস্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-দুই করে ২৬টি বছর পার করে ফেললেন ওল্ড ট্রাফোর্ডে। চুইংগাম চিবোতে থাকা স্যার অ্যালেক্স ফার্গুসনের পদভারে এখনো গমগম করে ডাগআউট। উপলক্ষটাকে অবশ্য দারুণ স্মরণীয় করে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফার্গির একটা ব্রোঞ্জের মূর্তি স্থাপন করেছে স্টেডিয়ামের সামনে। তবে নিজের জীবদ্দশাতেই এত বড় একটা সম্মান পাওয়ার পর রসিকতা করতে ছাড়েননি আপাতগম্ভীর কোচ, ‘সাধারণত মানুষ মারা যাওয়ার পর তাদের নিয়ে মূর্তি বানানো হয়। আমি তো এখনো দিব্যি বেঁচেবর্তে আছি!’ওল্ড ট্রাফোর্ডে ঢোকার মুখেই অবশ্য আপনি তিন ফুটবলারের আরেকটি মূর্তি দেখতে পাবেন। তিন ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটন, ডেনিস ল ও জর্জ বেস্টের এই ভাস্কর্যকে হলি ট্রিনিটি নামে একটা চমৎকার নামও দেওয়া হয়েছে। ল ও চার্লটন এখনো হেসে-খেলে ঘুরে বেড়াচ্ছেন। বছর কয়েক হলো বেস্ট পাড়ি জমিয়েছেন পরলোকে।বিখ্যাত ফুটবলারদের মূর্তি বানিয়ে তাঁদের অমরত্ব দেওয়ার একটা চেষ্টা ফুটবলে চলছে অনেক আগে থেকেই। এদের মধ্যে কোনোটা আবক্ষ, আবার কোনোটাতে ফুটিয়ে তোলা হয়েছে ফুটবলারের কোনো বিশেষ বিজ্ঞাপিত ভঙ্গি। ইউসেবিওর কথাই ধরুন, ১৯৬৮-এর ইউরোপিয়ান কাপ ফাইনালে তাঁর একটি কিকের ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে বেনফিকার সামনে স্থাপিত মূর্তিতে। ডায়নামো মস্কোতে গেলেও যেমন চমকে যেতে পারেন লেভ ইয়াসিনকে দেখে। এই মহান ফুটবলার চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ছেন গোল সেভের জন্য! নিউ ওয়েম্বলিতেও আছে ববি মুরের এমন রাজসিক একটা মূর্তি।রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর মূর্তিটা অবশ্য বার্নাব্যুতে নয়। রিয়ালের অনুশীলন মাঠের সামনে স্থাপিত মূর্তিতে শূন্যে লাফিয়ে গোল উদ্যাপন করছেন স্টেফানো। তবে আর সবার চেয়ে হামবুর্গ কিংবদন্তি উয়ি সেলারের মূর্তিটা একেবারেই আলাদা। অন্যদের যেখানে অন্তত মুখটা চোখে পড়ে, সেখানে সেলারের ৫ দশমিক ৩ মিটারের বিশালাকার ব্রোঞ্জের মূর্তিটা শুধু তাঁর ডান পা নিয়েই!তবে শুধু ব্যক্তি ফুটবলার নয়, কোনো ঘটনাও হতে পারে জলজ্যান্ত মূর্তির উপজীব্য। মাতেরাজ্জিকে করা জিদানের সেই ঢুঁসের কথা নিশ্চয়ই সবার মনে আছে। প্যারিসের পম্পিদু স্টেডিয়ামের সামনে গেলে আবার সেই ঢুঁসটা দেখতে পাবেন আপনি। এত দিন পর বিবাদটা জিদান-মাতেরাজ্জির কেউই পুষে রাখেননি, তবে মূর্তিটা তাঁদের নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে যাবে ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়! আবার সব মূর্তিই যে একেবারে অবিকৃত আছে, তা-ও নয়। হুগো সানচেজের বিখ্যাত সিজর কিকের একটা প্রতিকৃতি তো মেক্সিকো থেকে চুরিই হয়ে গেছে। সালভাদরে পেলের একটা মূর্তির ভাগ্যে অবশ্য আরও খারাপ কিছু জুটেছিল। মূর্তিটার দুটো বাহুই খোয়া যায় রাতারাতি। তবে সব সময় যে খেলোয়াড় বা কোচেরই মূর্তি মূর্ত হবে শিল্পীর হাতে, এমন কথা নেই। ইংল্যান্ডে ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে জিওফ হার্স্টের সেই বিতর্কিত গোলটির পক্ষে সিদ্ধান্ত দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন লাইন্সম্যান তফিক বাখরামভ। আজারবাইজানের রাজধানী বাকুতে শুধু যে তাঁর একটি মূর্তি স্থাপন করা হয়েছে তা-ই নয়, ও দেশের জাতীয় স্টেডিয়ামের নামকরণও করা হয়েছে তাঁর নামে!  মোসতাকিম হোসেন