ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলরত সিএনজি অটোরিকশার ভাড়া ও জমা বাড়ছে না। তবে এই খাতের মালিক ও শ্রমিকদের অন্য বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ায় পূর্বঘোষিত ৩ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সরকারের সঙ্গে অটোরিকশা খাতের মালিক-শ্রমিকদের বৈঠক শেষে এসব বিষয় জানানো হয়।ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি ৩ জুলাই ভাড়া ও জমা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিল। এই দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্যই গতকালের বৈঠকটির আয়োজন করা হয়।যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, চালকদের কাছ থেকে দৈনিক জমা ৬০০ টাকার বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মালিকপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সিএনজি অটোরিকশার বয়সসীমা দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।সরকার গত মাসে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ায়। গত ১৯ মে আনুপাতিক হারে অটোরিকশার ভাড়া বৃদ্ধি করে সরকার। কিন্তু এই খাতের চালক-মালিকেরা ইচ্ছামতো ভাড়া আদায় শুরু করেন। বাড়তি ভাড়া আদায় এখনো অব্যাহত আছে। ধর্মঘটের হুমকি দিয়ে আবারও ভাড়া ও জমা বৃদ্ধির চেষ্টা করে আসছিলেন তাঁরা।সরকার ১৯ মে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া ঠিক করে দিলেও ওই ভাড়া মিটারে সংযোজন করা হয়নি। এ কারণে চালকেরা মিটারের ধার ধারছেন না।গত ১৯ মে সিএনজি অটোরিকশার ভাড়া সাত টাকা থেকে বাড়িয়ে সাত টাকা ৫০ পয়সা এবং বিরতিকালের ভাড়ার পরিমাণ এক টাকা ২৫ পয়সা থেকে দেড় টাকা করা হয়। তবে অটোরিকশার ২৫ টাকা সর্বনিম্ন ভাড়া এবং দৈনিক জমা আগেরটাই বহাল থাকে।গতকালের বৈঠক: সিএনজি অটোরিকশার বয়সসীমা (ইকোনমিক লাইফ) নয় বছর নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এই বয়সসীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকালের বৈঠকে সরকার অটোরিকশার বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়।ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, মিটারে ভাড়া না বাড়ালেও অন্য দাবি মেনে নেওয়ায় শ্রমিকপক্ষ সন্তুষ্ট। আগামী ৩ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়ে তিনি বলেন, বাস-মিনিবাসের সঙ্গে সংগতি রেখে মিটারে ভাড়ার হার পুনর্নির্ধারণ করা, মিটার টেম্পারিং রোধে বিএসটিআইয়ের মাধ্যমে সিলগালার ব্যবস্থা করা, অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, পুলিশের অযথা হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করাসহ ১০ দফা দাবি জানানো হয়েছিল।বৈঠক সূত্র জানায়, কোনো অটোরিকশা মালিকের বিরুদ্ধে সরকার-নির্ধারিত জমার বেশি আদায়ের প্রমাণ পাওয়া গেলে নির্ধারিত মেয়াদান্তে পুনরায় ওই মালিককে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া যেসব চালক ভুয়া লাইসেন্স দিয়ে অটোরিকশা চালাচ্ছেন, তাঁদের সহজ শর্তে লাইসেন্স দেওয়া হবে।