ভাড়া বাড়লেও যাত্রীরা অসন্তুষ্ট হননি
রেলপথমন্ত্রী মজিবুল হক বলেছেন, ‘রেলের ভাড়া বাড়লেও যাত্রীরা অসন্তুষ্ট হননি। বরং তাঁরা চান রেলওয়ের সেবা আরও বিস্তৃত হোক। তাই আমরা দ্রুত দেশের ১০০টি রেলওয়ে স্টেশন সংস্কারের পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে এ সংখ্যা বাড়বে।’ আজ শনিবার দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মজিবুল হক বলেন, ‘আগামী বছরের মধ্যেই বাংলাদেশ রেলওয়েতে বৈপ্লবিক পরিবর্তন লক্ষ করা যাবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রেলওয়ের যাত্রীসেবার মান বাড়াতে ভারতীয় ঋণে সৈয়দপুরে আরও একটি নতুন রেলওয়ে কোচ কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী নিজেই কাজটি তদারক করছেন বলে মন্ত্রী জানান। মজিবুল হক বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশ রেলওয়েতে ২০টি চীনা লোকোমোটিভ যুক্ত হচ্ছে। এতে করে ব্রডগেজ (বড়) লাইনে অতিরিক্ত ট্রেন চালানো সম্ভব হবে। তিনি বলেন, খুব শিগগির ব্রডগেজ রেলপথে আরও ৭০টি কোচ যুক্ত করা হবে, যা দিয়ে সৈয়দপুর-ঢাকা, সৈয়দপুর-খুলনা, দিনাজপুর-ঢাকা, ঢাকা-খুলনা পথে সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমরা দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতু নির্মাণে চুক্তি করেছি। নতুন নতুন রেলপথ সম্প্রসারণ করা হচ্ছে। ফলে রেলওয়ের সেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।’মন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন লোকবল নিয়োগ করা হবে। তখন এর কর্মপরিধি আরও বাড়বে বলে জানান তিনি। তিনি বলেন, সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের জমি উদ্ধারে চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।রেলমন্ত্রী বলেন, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে অবিলম্বে মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ সম্পর্কিত কার্যক্রম এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে। এর আগে দুপুরে রেলমন্ত্রী মজিবুল হক সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গেলে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মন্ত্রী রেলওয়ে কারখানার প্রধান ফটকসংলগ্ন আঙিনায় মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শ্রমিক-কর্মকর্তাদের স্মরণে নির্মাণাধীন স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ এ এ মারুফ সাকলান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) খলিলুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্রপ্রকৌশলী দুলাল চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম প্রমুখ।