ভাড়া বাড়াতে যোগাযোগমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক
জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য গতকাল শুক্রবার যোগাযোগমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহনের মালিকদের জরুরি সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ শনিবার আবার বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হতে পারে।ভাড়া পুনর্নির্ধারণের সরকারি ঘোষণার আগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। গতকাল বেলা তিনটার দিকে সড়ক ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহনের মালিকদের সঙ্গে সভা করেন।সভায় আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত হয়, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পরিবহনের ব্যয় বিশ্লেষণ কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভার সুপারিশগুলো অনুমোদনের জন্য বেলা তিনটায় সড়ক ভবনে আবার যোগাযোগমন্ত্রীর সঙ্গে পরিবহনের মালিকদের সভা হবে। সে সভায় নতুন ভাড়া চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হতে পারে।গতকালের সভায় পরিবহনের মালিকেরা বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। তাঁরা দাবি করেন, শুধু তেলের দাম নয়, সবকিছু বিবেচনা করে ভাড়া নির্ধারণ করতে হবে। মন্ত্রী এ সময় তাঁদের আশ্বস্ত করে বলেন, সব মহলের সঙ্গে কথা বলে এবং সবার সুবিধার কথা চিন্তা করে ভাড়া নির্ধারণ করা হবে।গত ১৯ সেপ্টেম্বর ডিজেলের দাম ৪৬ থেকে বাড়িয়ে ৫১ টাকা নির্ধারণ করার পর আন্তজেলা ও দূরপাল্লায় মোটরযানের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটার এক টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ২০ পয়সা করা হয়।গতকালের সভায় যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক, সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান খান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস, সড়ক পরিবহন সমিতি, বাস-ট্রাক-মালিক সমিতি, ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।