ভাড়া বৃদ্ধির প্রভাব বাজারে
বাজারে এখন নতুন চাল আসছে। দাম কমার কথা। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে। তাই এখনই দাম কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে। কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজিতে এক-দুই টাকা বেড়েছে বলেও জানান তাঁরা।বোরোর বাম্পার ফলনের পর চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বাজারে নতুন চাল আসতে শুরু করেছে। দামও পড়তে থাকে। কিন্তু এখন চিত্র পাল্টে যাচ্ছে। দাম বাড়ানোর নানা অজুহাতের সঙ্গে সর্বশেষ যোগ হলো পরিবহন খরচ বৃদ্ধি।গতকাল কারওয়ান বাজার, উত্তরা, কমলাপুর, মতিঝিল, শান্তিনগরসহ রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি মিনিকেট চাল ৫০ থেকে ৫২ টাকা, নাজিরশাইল ৪৬ থেকে ৪৮, আর বিভিন্ন মানের মোটা চালের দাম ৩৩ থেকে ৩৮ টাকা।খুচরা বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে ৫০ কেজি বস্তার মিনিকেট চালের দাম এখন দুই হাজার ২৫০ থেকে দুই হাজার ৩০০ টাকা। নাজিরশাইলের বস্তার দাম দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৩৫০ টাকা। আর বিভিন্ন মানের মোটা চালের বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৭০০ টাকা।পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন মোকাম থেকে রাজধানীতে চাল আনতে প্রতি কেজিতে ট্রাকভাড়া দিতে হয় ৮০ পয়সা থেকে এক টাকা। কিন্তু জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার থেকে পরিবহন খরচও বেড়ে যায়। ট্রাক ব্যবসায়ীরা কেজিপ্রতি চালের জন্য এখন ২০ পয়সা হারে বেশি ভাড়া নিচ্ছেন।মোহাম্মদপুর কৃষিবাজারের তিতাস রাইস এজেন্সির স্বত্বাধিকারী আবদুল মতিন প্রথম আলোকে জানান, জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর কারণে অবধারিতভাবেই ট্রাকের ভাড়া বাড়বে। এতে চালের দামও কিছুটা বাড়বে। তিনি জানান, সোমবার রাত থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে। তবে তিনি এখনো বাড়তি ভাড়ায় চাল এনে খুচরা বাজারে সরবরাহ করেননি বলে জানান।কাঁচাবাজার গরম: নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারেও উত্তাপ রয়েছে। সিএনজির দাম বাড়ানোর কারণে পরিবহন ব্যয় বাড়ার প্রথম প্রভাব পড়েছে শাকসবজির মতো পচনশীল পণ্যের বাজারে, যা কাঁচাবাজার নামে পরিচিত।প্রতি রাতেই নরসিংদী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও উত্তরবঙ্গের জেলাসহ দেশের নানা প্রান্ত থেকে শাকসবজি নিয়ে রাজধানীতে শত শত ট্রাক আসে। জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর পর এই কাঁচামাল পরিবহনকারীরা ট্রাকের ভাড়া বাড়িয়ে দিয়েছেন। আর পচনশীল পণ্য হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা বাধ্য হয়েই বাড়তি ভাড়া গুনছেন, যা ক্রেতার কাছ থেকে আদায় করা হচ্ছে।পটল, ঝিঙে, টমেটো, পেঁপে, লাউসহ শাকসবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি শাকসবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে।‘ট্রাকমালিকেরা ভাড়া বাড়ানোয় কাঁচা পণ্যের দাম বেড়েছে’ বলে জানান কারওয়ান বাজার কাঁচাবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান। গতকাল তিনি প্রথম আলোকে জানান, উত্তরাঞ্চল থেকে আসা শাকসবজির প্রতিটি ট্রাকের ভাড়া দিতে হতো ১২ হাজার টাকা, এখন তা বাড়িয়ে ১৪ থেকে ১৫ হাজার টাকা করা হয়েছে। আর নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহসহ রাজধানীর আশপাশের অঞ্চল থেকে প্রতি ট্রাকের ভাড়া ছিল ছয় থেকে নয় হাজার টাকা। এখন দুই থেকে আড়াই হাজার টাকা বাড়ানো হয়েছে।গতকাল কারওয়ান বাজার, মতিঝিল, কমলাপুর ও উত্তরার খুচরা বাজারগুলো ঘুরে দেখা গেছে, এক কেজি টমেটো ৩০ থেকে ৩২ টাকা, পেঁপে ২০ থেকে ২৫, ঢ্যাঁড়স ২৫ থেকে ৩০, ঝিঙে ২৫ থেকে ৩০, বেগুন ৩০ থেকে ৪০ ও কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।আর মাছ-মাংসের দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি রুই ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ১০০ থেকে ১৪০, চিংড়ি (মাঝারি) ৩০০ থেকে ৩৫০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। আর গরুর মাংস কেজিপ্রতি ২৫০ থেকে ২৬৫ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে চিনির দাম বেড়েই চলেছে। খুচরা পর্যায়ে চিনির কেজি ৬২ থেকে ৬৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দু-তিন টাকা বেড়েছে। এক মাস আগে এক কেজি চিনির দাম ছিল ৫০ থেকে ৫২ টাকা।কমলাপুর কাঁচাবাজারের সবজি-বিক্রেতা তজিবর বললেন, ‘যাতায়াতের খরচ বাড়ছে। বাজারের ঝাঁকা লইয়া তো হাইট্টা আসতে পারি না। তাই বাড়তি দামেই মাল আনতে হইছে।’সাজ্জাদ খন্দকার সচিবালয়ে চাকরি করেন। তিনি বললেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি চলতেই থাকবে, সারা বছরই কোনো না কোনো অছিলায় পণ্যর দাম বেড়ে যাচ্ছে। আজ বৃষ্টি, কাল বন্যা, পরশু ঘূর্ণিঝড়—এসব কারণেই দাম বাড়ছে। এখন আবার পরিবহন খরচ বেড়েছে। আমরা আর কীই-বা করতে পারি!’মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা: নিত্যপণ্যের দাম বাড়ার উত্তাপে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। আবার বাজেট উপলক্ষে নিত্যপণ্যের দাম বাড়ার পালা এখনো বাকি রয়েছে। রমজান মাসে ভোগ্যপণ্যের দাম প্রতিবছরই বাড়ে। এমন অবস্থায় আরেক দফা মূল্যবৃদ্ধির হাতছানি দিচ্ছে।পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব মতে, গত মার্চে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার বেড়েই চলেছে। নিত্যপণ্যের দাম না কমায় মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘সামনে বাজেট আর রমজান। এ উপলক্ষে প্রতিবছরই জিনিসপত্রের দাম বাড়ে। এই মুহূর্তে পেট্রল, ডিজেল, সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্তটি সময়োচিত হয়নি। এতে বিদ্যমান মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। সরকার চালসহ নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এনে জ্বালানির দাম বাড়াতে পারত।’নিষ্ক্রিয় টিসিবি: ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রস্তুতি তেমন একটা নেই।রমজান উপলক্ষে টিসিবি দুই লাখ টন চিনি, এক লাখ টন সয়াবিন তেল, এক লাখ টন পাম তেল, ১০ হাজার টন মসুর ডাল ও দুই হাজার টন ছোলা সংগ্রহের সিদ্ধান্ত নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, এখনো এসব পণ্য আমদানিতে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পায়নি টিসিবি। প্রতিবছর রমজান উপলক্ষে পণ্য সংগ্রহের এমন সিদ্ধান্ত নেওয়া হলেও কোনোবারই সফল হয় না টিসিবি।এ প্রসঙ্গে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘রমজান মাস উপলক্ষে পণ্য সংগ্রহের জন্য এখন পর্যন্ত কোনো অর্থ পাইনি। বাজার নিয়ন্ত্রণে টিসিবির জনবলের অভাব রয়েছে। এ ছাড়া টিসিবি কর্তৃক সংগৃহীত পণ্যের জন্য পর্যাপ্ত মজুদের ব্যবস্থাও নেই।’