ভাড়া বেড়েছে সব এলাকায়
বাড়িভাড়া বাড়ে এলাকাভেদে। স্কুল আছে এমন এলাকায় বাসাভাড়া সব সময়ই বেশি। ভাড়া বাড়েও দ্রুত। স্বল্প আয়ের মানুষ আগে একটু দূরে থাকতেন। রেহাই পাচ্ছেন না তাঁরাও।রাজধানীর বিভিন্ন এলাকার ভাড়াটেরা জানিয়েছেন, তিন বছর আগেও যে বাসার ভাড়া ছিল ছয় হাজার টাকা, সেটি এখন ১০ থেকে ১১ হাজার টাকা। যে বাসা ছিল ১০ হাজার টাকা, সেটি এখন ১৪ থেকে ১৫ হাজার টাকা। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই নেয়নি সরকার।রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসার ভাড়াটে রিয়াজ রায়হান প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। আট হাজার টাকায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নিয়েছিলাম। এখন সেটির ভাড়া ১২ হাজার। খাই বা না খাই, মাস শুরু হলেই বাড়িওয়ালাকে এই ১২ হাজার টাকা দিয়ে দিতে হবে। আমার আয়ের ৬০ শতাংশই চলে যায় বাড়িভাড়ায়।’রাজধানীর মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের ৪ নম্বর রোডের বাসিন্দা সানজীদা শারমিন ১১ হাজার টাকা ভাড়ায় একটি বাসায় উঠেছিলেন। এক বছর পর বাড়িওয়ালা সেটি ১২ হাজার করেন। আরও এক বছর পর সেই বাসার ভাড়া এখন ১৪ হাজার টাকা। বাসা ছেড়ে দিয়েছেন তিনি।মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার ভাড়াটেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছরে এই এলাকায় বাড়িভাড়া দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে এই এলাকার রাস্তাগুলো সম্প্রতি ভালো হয়েছে। আর এর পরই পাল্লা দিয়ে বাড়িভাড়া বাড়ছে। স্কুল বেশি থাকায় এসব এলাকায় এমনিতেই ভাড়া বেশি। ভাড়া বাড়েও বেশি। রাজধানীর পল্লবীর বাসিন্দা তারাজুল ইসলাম বলেন, ‘নগরের স্বল্প আয়ের অনেকেই একটু কম ভাড়ায় একসময় মিরপুর ও পল্লবীতে থাকতে পারতেন। কিন্তু মিরপুরেও এখন বাসাভাড়া বেড়েছে। দুই বছর আগেও দুই কক্ষের একটি বাসায় আমি সাত হাজার টাকায় থাকতাম। কিন্তু এখন সেটি হয়ে গেছে ১০ হাজার টাকা।’কাজীপাড়ার দক্ষিণ মনিপুর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘এই এলাকায় বর্ষায় পানি জমে বলে ভাড়া একটু কম ছিল। কিন্তু এখানেও বাসাবাড়া বেড়ে চলেছে।’মিরপুর ও পল্লবী এলাকার ভাড়াটেরা জানিয়েছেন, এসব এলাকায় গত দেড় বছরে ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।ধানমন্ডির ৫ নম্বর রোডের একটি বাড়িতে থাকেন বহুজাতিক একটি কোম্পানির কর্মকর্তা রাশেদুল হাফিজ। উঠেছিলেন ২১ হাজার টাকায়, এক বছরে সেটি হয়েছে ২৫ হাজার টাকা।ধানমন্ডি ও কলাবাগান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এক বছরের ব্যবধানে এই এলাকায় বাড়িভাড়া তিন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বেড়েছে।ভাড়াটেদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় গত এক বছরে চার থেকে সাত হাজার; রামপুরা, বাড্ডা, বনশ্রী এবং আজিমপুর, লালবাগ, কোতোয়ালি এলাকায় এক থেকে তিন হাজার; বাসাবো, গোপীবাগ, খিলগাঁও ও সবুজবাগ এলাকায় ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাড়িভাড়া বেড়েছে।বাড়িভাড়ার যন্ত্রণার সবচেয়ে করুণ শিকার হচ্ছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিক, বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক ও নগরের নিম্নবিত্ত মানুষ। ডিসিসির বস্তি উন্নয়ন বিভাগ জানিয়েছে, এঁদের সংখ্যা প্রায় ৪০ লাখ, যা নগরের মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। বছর দশেক আগে শ্রমিকেরা অনেকে মিলে আধা পাকা বাসায় থাকতে পারতেন। এখন মিরপুর, বাসাবো, তালতলা ও শেওড়াপাড়া এলাকার একেবারে শেষ মাথার গলিতে দুই কক্ষের আধা পাকা টিনশেডের বাসাভাড়া পাঁচ হাজার, সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।