ভাড়াটিয়া আবদুল মজিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের মধ্য পীরেরবাগে বাসায় ঢুকে কাজী জিয়া হায়দারকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় পুলিশ ভাড়াটিয়া আবদুল মজিদকে (৩৫) গ্রেপ্তার করেছে। আজ রোববার ভোরে মিরপুরের এক বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, জুয়া খেলায় বাধা দেওয়ায় জিয়া হায়দারকে দুর্বৃত্তরা খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ছাড়া আরও কয়েকটি কারণকে সামনে রেখে পুলিশ তদন্ত করছে। ঘটনায় সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলে অনলাইনকে বলেন, আজ রোববার ভোর চারটার দিকে মিরপুরের এক বাসা থেকে আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে আবদুল মজিদের স্ত্রী রুপা আকতারকে (২৫) আটক করা হয়। তাঁকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।কাজী ওয়াজেদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের কাছ থেকে বেশ কিছু তথ্য ও নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তথ্যগুলো এখন প্রকাশ করা যাচ্ছে না। তবে ওই দুজন ঘটনার সময় না থাকলেও তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, পুরো ঘটনার পরিকল্পনায় তাঁদের সংশ্লিষ্টতা ছিল। কাল সোমবার তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।গতকাল দুপুরের দিকে মধ্য পীরেরবাগের বাসায় ঢুকে গুলি করে কাজী জিয়া হায়দারকে খুন করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয় তাঁর বড় মেয়ে কাজী লামহা হায়দার (১৮)। জিয়া হায়দার তিনতলা বাড়ির মালিক ছিলেন। দুই মেয়ে ও স্ত্রী নিয়ে ওই বাড়ির দুই তলায় থাকতেন তিনি। স্ত্রী কাজী সেলিনা আজমীর অভিযোগ, গত ১৬ ডিসেম্বর বাড়ির নিচ তলার ভাড়াটিয়া আবদুল মজিদ স্থানীয় কয়েকজন যুবক নিয়ে বাসায় জুয়ার আসর বসায়। এতে কাজী জিয়া হায়দার যুবকদের বাসা থেকে বের করে দেন এবং আবদুল মজিদকে বাসা ছেড়ে দিতে বলেন। এর জের ধরে এক মাস ধরে তাঁদের ওপর মানসিক নির্যাতন শুরু করেন ওই যুবকেরা। এরই জের ধরে কাজী জিয়া হায়দারকে খুন করা হয়েছে।ঘটনার পর রাতে কাজী সেলিনা আজমী বাদী হয়ে আব্দুল মজিদসহ সাত আটজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।