যাত্রাবাড়ীতে তিন খুনে সরাসরি তিনজন খুনি অংশ নিয়েছে। এদের নেতৃত্বে ছিলেন নিহত ব্যবসায়ী মিজানের ভাইপো শফিকুর রহমান। অন্য দুজন ছিল ভাড়াটে খুনি। মিজানের লাইসেন্স করা রিভলবার দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়।মামলার তদারককারী কর্মকর্তা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে শফিকুর তাঁর চাচা মিজান, চাচি বীথি রহমান ও দাদি সুফিয়া খাতুনকে হত্যার কথা স্বীকার করে এসব তথ্য দিয়েছেন।এদিকে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া নিহত মিজানের ভাইপো শফিকুর রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।উপকমিশনার সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে শফিকুর জানান, তাঁর চাচা মিজানের বাড়িটি দখল করতে চাচাকে সপরিবারে হত্যার পরিকল্পনা নেন। কিন্তু ঘটনার সময় মিজানের একমাত্র সন্তান আশিকুর রহমান বাসায় না থাকায় তিনি প্রাণে বেঁচে যান। হত্যাকাণ্ডে তিনি একজন পেশাদার খুনিকে ভাড়া করেন। ওই পেশাদার খুনি আরেকজনকে ভাড়া করে আনে। দ্বিতীয়জনের নাম জানেন না বলে শফিকুর দাবি করেন। শফিকুরের দাবি অনুযায়ী মিজানের লাইসেন্স করা রিভলবারটি ছাড়াও এ হত্যাকাণ্ডে আরেকটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।উপকমিশনার আরও বলেন, মিজানের খোয়া যাওয়া রিভলবারটি উদ্ধার হলে তা পরীক্ষা করে ওই অস্ত্রটি ব্যবহূত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, শফিকুর তাঁর ভাড়া করা পেশাদার খুনির নাম জানালেও তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে।গতকাল শনিবার যাত্রাবাড়ী থানার পুলিশ নিহত মিজানের ভাইপো শফিকুর রহমানকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত শুক্রবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, শফিকুর ও বাড়ির দারোয়ান আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহত মিজানের ভাই জাহিদুর ও তৌহিদুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গতকাল ওসি বলেন, শফিকুরকে গ্রেপ্তার দেখানো হলেও বাড়ির দারোয়ান আকবর হোসেনকে এখনো থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজনকে কীভাবে থানায় ৪৮ ঘণ্টা আটকে রাখা হয়, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, শফিকুর মাদকসেবী। এর আগেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শফিকুর স্বীকার করেছেন, ঘটনার আগের দিন রাতে রামপুরা ও দক্ষিণ যাত্রাবাড়ীর একটি কমিউনিটি সেন্টারে বসে সাত-আটজনকে নিয়ে দুই দফায় বৈঠক করে হত্যার পরিকল্পনা করেন। এ সময় তাঁরা মাদক সেবন করেন। এরপর ভোররাত পর্যন্ত মিজানের বাসার সামনে তাঁরা টহল দেন। বাড়ির দারোয়ান আকবর তাঁদের নিশ্চিত করেন, মা-বাবার সঙ্গে তাঁদের সন্তান আশিকুর ওই বাসায় আছেন।সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে—এ ব্যাপারে পুলিশ নিশ্চিত। তা সত্ত্বেও নিহত মিজানের দুই ভাই জাহিদ ও তৌহিদকে ছেড়ে দেওয়ায় স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। নিহত মিজানের স্ত্রীর ভাই ওবায়দুল কবির প্রথম আলোকে জানান, মিজানের দুই ভাই জাহিদ ও তৌহিদ, জাহিদের ছেলে শফিকুর ও বাড়ির দারোয়ান আকবরই খুনের সঙ্গে জড়িত। অথচ এরই মধ্যে জাহিদ ও তৌহিদকে ছেড়ে দেওয়া হলো। আর আকবরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এতে মামলা ভিন্ন খাতে যেতে পারে বলে তিনি আশঙ্কা করেন।ওবায়দুল বলেন, ‘ঘটনার পর থেকে মামলার বাদী আশিকুর নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমানে সে আমাদের কাছে রয়েছে।’এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি জানান, নিহত মিজানের ভাই জাহিদ ও তৌহিদকে যেকোনো সময় ডাকা হলে থানায় আসতে হবে—এমন শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে গতকাল শনিবার সন্ধ্যার পর তৌহিদ ও জাহিদকে নিয়ে খুনে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। ওসি জানান, খুনিদের বিস্তারিত তথ্য এখন পুলিশের হাতে। দু-এক দিনের মধ্যেই জড়িত সবাইকে পুলিশ গ্রেপ্তারে সক্ষম হবে।গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তিরা শহীদ ফারুক সড়কের বাড়িতে ঢুকে মিজানুর রহমান, তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমানকে (৪৫) গুলি ও জবাই করে হত্যা করে।