ভাড়াটে খুনিরা যশোরে যুবলীগ নেতা রতনকে খুন করে: পুলিশ
যশোরের শার্শা উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে ভাড়াটে খুনিরা খুন করেছে। এ ঘটনায় আটক দুই ব্যক্তির বরাত দিয়ে গতকাল রোববার এ কথা জানান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক। ১৬ মে উপজেলার বাক্কড়ি বিলে সন্ত্রসীরা জবাই করে রতনকে খুন করে। এ ঘটনায় পরদিন শার্শা থানায় মামলা হয়।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল ভোরে বেনাপোলের কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেন (৪০) ও শার্শার সুড়া গ্রামের ফারুক হোসেনকে (২৪) আটক করে পুলিশ। ফারুককে সোনাই নদীয়া বাঁওড়ে একটি নৌকা থেকে এবং আলমগীরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।ওসি এনামুল হক বলেন, আলমগীর ও ফারুক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রতনকে হত্যার ঘটনায় দুজন ভাড়াটে খুনি এবং স্থানীয় যুবলীগের আটজন কর্মী অংশ নিয়েছিলেন। খুনের নেতৃত্ব দেন যুবলীগের আরব আলী নামের এক কর্মী। তাঁর বাড়ি শার্শার লক্ষ্মণপুর গ্রামে। রতনকে হত্যার আগে তাঁদের এক সহযোগী লাল্টু দুটি বোমা ছোড়েন। ফারুক গামছা দিয়ে রতনের মুখ বাঁধেন। ভাড়াটে খুনি ঝিনাইদহ জেলার মহেশপুরের মোহাম্মদ আলী তাঁর গলায় ছুরি চালান। মৃত্যু নিশ্চিত করতে পরে আরব আলীও ছুরি চালান।ওসি এনামুল হক বলেন, খুনের জন্য আসামিদের ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা খুনিদের ভাড়া করেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ওই দুজনের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ আরব আলীর বাড়ি থেকে নয়টি তাজা বোমা ও রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে।এর আগে রতন হত্যা মামলায় উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক (৫০), দপ্তর সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জলিল (৩৫), দলীয় সমর্থক তেবাড়িয়া গ্রামের চান মিয়া, কৃষ্ণপুর গ্রামের যুবলীগের কর্মী শাহিন ও নয়নকে (২৬) গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁরা বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন।