ভাড়াটেদের সম্পর্কে তথ্য পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে ঢাকার বাসিন্দাদের সম্পর্কে তথ্য জানতে বিশেষ উদ্যোগ নিয়েছিল পুলিশ। এ জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় নির্ধারিত ফরম। গত ১৬ মাসে এ ধরনের দেড় লাখ ফরম বাড়ি বাড়ি পাঠানো হলেও তেমন সাড়া মেলেনি। দেড় লাখের মধ্যে মাত্র ১৫ হাজার ফরম পূরণ হয়ে থানায় ফেরত এসেছে।পুলিশ কর্মকর্তারা জানান, ঢাকায় যাঁরা ভাড়া বাসায় থাকেন, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য মহানগর পুলিশকে জানাতে বলা হলেও বাড়ির মালিকেরা বিষয়টি জানেনই না। কেউ জানলেও তা অনুসরণ করেন না। এ সুযোগে কিছু অপরাধী ও সন্ত্রাসী বাসাভাড়া নিয়ে রাজধানীতে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, মালিকেরা বাসা ভাড়া দিলেও ভাড়াটেদের নাম-ঠিকানা রাখার প্রয়োজন মনে করেন না। অথচ ভাড়াটের নাম-ঠিকানা পুলিশের কাছে থাকলে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা সহজ হয়। এ ব্যাপারে তিনি বাড়িমালিকদের সহায়তা কামনা করেন। সূত্র জানায়, ঢাকা মহানগরের ৪১টি থানা থেকে প্রায় দেড় লাখ ফরম রাজধানীর বাড়িমালিকদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তথ্য ছক পূরণের পর থানাগুলোতে জমা পড়েছে মাত্র ১৫ হাজার। পুলিশ কর্মকর্তারা জানান, এ ব্যাপারে বাড়িমালিকদের আগ্রহ কম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) দাবি করেন, পুলিশের এই উদ্যোগ পুরোপুরি সফল না হলেও বাসাবাড়িতে সন্ত্রাসীদের অবস্থান কমেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহ আলী থানার উত্তর বিশিলের জঙ্গি আস্তানা থেকে অস্ত্র, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পরদিন ৩১ জুলাই পুলিশ কমিশনার মহানগরের সব থানার ওসিদের জঙ্গিবাদ সম্পর্কে তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে দ্রুত জানানোসহ ১০ দফা নির্দেশনা দেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে ডিএমপির তৎকালীন কমিশনার নাইম আহমেদ তথ্য ছক পূরণের উদ্যোগ নিয়েছিলেন। নিয়ম করা হয়েছিল, বাড়ির মালিক উদ্যোগ নিয়ে ভাড়াটেদের দিয়ে পুলিশের নির্ধারিত তথ্য ছক পূরণ করিয়ে সংশ্লিষ্ট থানায় জমা দেবেন। পুলিশ এই তথ্যের সত্যতা যাচাই করবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিরপুর, শাহ আলী, কাফরুল, মোহাম্মদপুর, ডেমরা ও উত্তরা—এই ছয়টি থানা এলাকা জঙ্গি-অধ্যুষিত হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় পুলিশের তৈরি তথ্য ছক পাঠিয়ে তা পূরণে উদ্যোগ নেওয়া হয়। মিরপুর বিভাগের তৎকালীন উপকমিশনার আনোয়ার হোসেন সম্প্রতি (এখন দেশের বাইরে শান্তিরক্ষা মিশনে) প্রথম আলোকে বলেন, তথ্য ছক পূরণে মানুষের আগ্রহ কম। মিরপুরের বাসিন্দাদের ৭ শতাংশ এই ছক পূরণ করে জমা দিয়েছেন।উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, বিদেশিসহ ৫০ হাজার উত্তরাবাসীর কাছে ফরম পাঠানো হয়েছিল। স্থানীয় ৫০০ ও বিদেশি দেড় শ নাগরিক ফরম পূরণ করে জমা দিয়েছেন। এই তথ্য ছক তদন্ত করতে গিয়ে জানা যায়, ছক পূরণ করেছেন এমন অনেক বিদেশি চলে গেছেন।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বাড়িমালিকদের কাছে ফরম পাঠানো হলেও তাঁরা ভাড়াটেদের দিয়ে সেগুলো পূরণ করাননি। তবে অনেক বাড়িমালিক জানান, পুলিশ তাঁদের কাছে কোনো ফরম পাঠায়নি।গত ৩০ জুলাই শাহ আলী থানার উত্তর বিশিলের একটি আস্তানা থেকে বিপুল অস্ত্র, বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধার করা হয়। জঙ্গিরা বাসা ভাড়া নিয়ে এখানে আস্তানা গড়েছিল। গত মে মাসে কদমতলীর পূর্ব জুরাইনে আরেকটি ঘাঁটির সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযানকালে জঙ্গিদের ছোড়া বোমার আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। ২০০৯ সালের ১৫ আগস্ট র‌্যাব মিরপুরের উত্তর পীরেরবাগে ভাড়া বাসা থেকে বিপুল বিস্ফোরক ও গ্রেনেডসহ জেএমবির বোমাবিশেষজ্ঞ মিজান ওরফে বোমারু মিজানকে গ্রেপ্তার করে। মিজানের স্ত্রী র‌্যাবকে গ্রেনেড ছুড়তে গেলে তা হাতে বিস্ফোরিত হয়ে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাঁর শিশুসন্তানও আহত হয়। এ ঘটনায় র‌্যাব বোমারু মিজানের স্ত্রী শারমিনকে আহতাবস্থায় গ্রেপ্তার করে। পরে ওই বাসা থেকে বিদেশি পিস্তল, চারটি বোমা ও বোমার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বোমারু মিজানের স্বীকারোক্তির ভিত্তিতে মণিপুরের বিস্ফোরক কারখানার সন্ধান পায় র‌্যাব। বোমারু মিজান ওই বাসা ভাড়া নিয়ে বিস্ফোরক কারখানা পরিচালনা করছিল। পুলিশ জানায়, বাসা ভাড়ার অন্তরালে বোমারু মিজান জঙ্গি তৎপরতা চালালেও বাড়িমালিক তাঁর ঠিকানা সংরক্ষণ করেননি। পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এ রকম আরও অনেক ঘাঁটি রাজধানীতে আছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ফরম পাঠানো হলেও বাড়িমালিকেরা তা পূরণে আগ্রহ দেখাচ্ছেন না। পুলিশের এমনিতেই জনবল সংকট রয়েছে। বাড়িমালিকেরা উদ্যোগ নিয়ে ফরম পূরণ করে থানায় জমা দিলে কিংবা নিজেদের কাছে রাখলে সবার জন্যই ভালো হতো। কারণ সঠিক ঠিকানা থাকলে কেউ সন্ত্রাসী তৎপরতা চালিয়ে পালিয়ে গেলেও পুলিশের পক্ষে তাকে খুঁজে বের করা সহজ হয়। আর সন্ত্রাসীরাও মানসিকভাবে দুর্বল থাকবে এই ভেবে যে পুলিশের কাছে তাদের সম্পর্কে তথ্য আছে। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। উপকমিশনার বলেন, অনেক ক্ষেত্রে বাড়িমালিকেরা জেনেশুনে দ্বিগুণ টাকায় বাসা ভাড়া দেন। অধিক ভাড়া পেয়ে মালিকেরা ভাড়াটেদের ভবিষ্যৎ ঝামেলা সামলানোর দায়িত্বও নেন।মিরপুর ২ নম্বরের একজন বাড়িমালিক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভাড়াটেদের জন্য করা পুলিশের তথ্য ছক তিনি পাননি। মিরপুর ১ নম্বরের জনতা হাউজিংয়ের বাড়িমালিক সাইফুর রহমান বলেন, তাঁর ছয়তলা বাড়িতে ১০টি পরিবার ভাড়া থাকে। তিনি পুলিশের তথ্য ছকের কথা শুনেছেন। তবে পাননি। তিনি মনে করেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। বাড়িওয়ালারা এটি মানলে অপরাধীরা বাসা ভাড়া নিতে পারবে না। এতে বাড়িওয়ালাদের নিরাপত্তা নিশ্চিত হবে। একই সঙ্গে বাসাভিত্তিক সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা কমে যাবে।ঢাকা মহানগর পুলিশের (সদর দপ্তর) উপকমিশনার হাবিবুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে তথ্য ছক বিতরণ করা হলেও বাড়িমালিকদের সাড়া মিলছে না। সহযোগিতা না পাওয়ায় এ ক্ষেত্রে পুলিশের সফলতা কম।মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, মহানগর সদর দপ্তর থেকে থানায় পাঠানো এই ফরম ফটোকপি করে বাড়িমালিকের কাছে পাঠানো হয়।ডিএমপি কমিশনার বলেন, ভাড়াটেরা ঘন ঘন বাসা বদল করায় ঝামেলা মনে করে বাড়িমালিকেরা তথ্য ছক পূরণে আগ্রহ দেখান না। অনেক বাড়িমালিক এই তথ্য ছক পাননি, এ সম্পর্কে কমিশনার বলেন, রাজধানীর মিরপুর ও উত্তরাসহ মহানগরের কয়েকটি এলাকাকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই সবাই এই ফরম নাও পেতে পারেন। ছকে যা আছে: ২০০৯ সালের ২৩ এপ্রিল মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নওশের আলীর সই করা সব উপকমিশনার বরাবর লেখা চিঠিতে বলা হয়, ‘আপনার অধীন থানা এলাকার ব্যক্তিমালিকানাধীন ছাত্রাবাস-মেস, ভাড়ায় থাকা ড্রাইভারদের (বেতনভুক্ত) তথ্যাদি সংগ্রহের লক্ষ্যে তিনটি পৃথক ফরম পাঠানো হলো। নমুনা ফরমগুলো যথাযথভাবে পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।’ভাড়ায় বসবাসকারীদের যেসব তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে আছে ভাড়া ফ্ল্যাট, তলা-বাসার বিবরণ ও ঠিকানা, পরিবারের প্রধানের নাম ও স্থায়ী ঠািকানা (টেলিফোন নম্বরসহ), জাতীয় পরিচয়পত্র নম্বর, পরিবারের অন্য সদস্যদের নাম ও পরিবারপ্রধানের সঙ্গে সম্পর্ক, বর্তমান আবাসনে আসার তারিখ এবং সম্ভাব্য অবস্থানকাল, সদ্য ছেড়ে আসা আবাসনের ঠিকানা (আবাসন মালিকের ফোন নম্বরসহ), পরিবারের প্রধানের পেশা ও বর্তমান কর্মক্ষেত্রের ঠিকানা (টেলিফোন নম্বর যদি থাকে), ভাড়াটে পরিবারপ্রধানকে শনাক্তকারী দুই ব্যক্তির নাম ও ঠিকানা (ফোন নম্বরসহ) ও ভাড়াটে পরিবারপ্রধানের পূর্ণ স্বাক্ষর। ফরমের আগের অংশে বাড়িমালিকের নাম, স্থায়ী ঠিকানা (টেলিফোন নম্বরসহ), জাতীয় পরিচয়পত্র নম্বর, বাড়িমালিকের বর্তমান আবাসস্থল (ঠিকানা ও ফোন নম্বরসহ), বাড়ির তত্ত্বাবধায়কের নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং স্থায়ী ও বর্তমান ঠািকানা দিতে হবে।