ভাড়াভিত্তিক অনেক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার সময় পেছাচ্ছে
বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার মৌসুম শুরু হয়েছে। পুরোদমে সেচ মৌসুম চলছে, বাড়ছে গরম। ফলে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। কিন্তু সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন বাড়ছে না। বরং ভাড়াভিত্তিক অনেক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার সময় পিছিয়ে যাচ্ছে।সূত্র জানায়, ‘কুইক রেন্টাল’ নামের ভাড়াভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্রগুলো চার মাসে উৎপাদনে আসার কথা, এর কোনো কোনোটি ছয় মাসেও আসছে না। তিন ও পাঁচ বছর মেয়াদি সাধারণ ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর কোনো কোনোটির একই অবস্থা। এ কারণে বিদ্যুতের ঘাটতি যতটা হওয়ার কথা, তার চেয়ে প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এ সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি মাসে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হওয়ার কথা ছিল; সেটা হয়েছে। চলতি মার্চ থেকে আগামী মাসগুলোতেও পরিকল্পনা অনুযায়ী যাতে নতুন কেন্দ্রগুলো চালু হয়, সে জন্য মন্ত্রণালয় তৎপর রয়েছে।তবে সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, নতুন কেন্দ্র চালু হতে বিলম্বই বিদ্যুতের সংকট প্রকট হওয়ার আশঙ্কার একমাত্র কারণ নয়। বিদ্যমান কেন্দ্রগুলোতে প্রয়োজন অনুযায়ী জ্বালানির সরবরাহ না থাকা এবং নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য অনেক কেন্দ্র বন্ধ রাখতে হওয়াও বিদ্যুতের ঘাটতির বড় কারণ।উৎপাদন পিছিয়ে যাচ্ছে: সরকারের পরিকল্পনা অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে আগামী মে মাসের মধ্যে মোট এক হাজার ৩৯৩ মেগাওয়াট ক্ষমতার ১৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা। এর মধ্যে ফেব্রুয়ারিতে ১৭০ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র চালু হয়েছে। এর একটি সিদ্ধিরগঞ্জে দেশ এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি চালু হওয়ার নির্ধারিত সময় ছিল গত অক্টোবর। তবে অন্য কেন্দ্রটি (এগ্রিকোর ৭০ মেগাওয়াট) নির্ধারিত সময়েই চালু হয়েছে।চলতি মাসে তিনটি বিদ্যুৎকেন্দ্র নওয়াপাড়া (যশোর) ১০৫, ঘোড়াশাল ৭৮ ও মেঘনাঘাট ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র চালু হওয়ার কথা। কিন্তু প্রথম আলোর প্রতিনিধিরা সরেজমিনে গিয়ে ও খোঁজ নিয়ে জেনেছেন, এর মধ্যে প্রথম দুটি কেন্দ্র মার্চে চালু হওয়ার সম্ভাবনা নেই।সরকারি পরিকল্পনা ও হিসাব অনুযায়ী, আগামী এপ্রিল মাসে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হওয়ার কথা। সরেজমিনে পরিদর্শন ও খোঁজ নিয়ে জানা গেছে, এর মধ্যে মদনগঞ্জ ১০২ মেগাওয়াট কেন্দ্র কিছু আগে এবং খুলনা (কেপিসিএল) ১১৫ ও আশুগঞ্জের ৮০ মেগাওয়াট কেন্দ্র নির্ধারিত সময়ে চালু হবে। কেরানীগঞ্জ ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালুর ব্যাপারেও সরকার এবং নির্মাতাপ্রতিষ্ঠান আশাবাদী। তবে মেঘনাঘাট ১০০, আশুগঞ্জ ৫৩ ও ৫০ মেগাওয়াট কেন্দ্র সময়মতো চালু হওয়া নিশ্চিত নয়।জানা যায়, মে মাসে পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার কথা। এর মধ্যে জুলডা (চট্টগ্রাম) ১০০ মেগাওয়াট কেন্দ্রের নির্মাণকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। নওয়াপাড়া ৪০ মেগাওয়াট কেন্দ্র আগেই চালু হওয়ার কথা থাকলেও সময় পিছিয়ে এপ্রিল করা হয়েছে। অন্য কেন্দ্রগুলো (সিদ্ধিরগঞ্জ ১০০ এবং রাজশাহীর আমনুরা ও কাঁটাখালীর প্রতিটি ৫০ মেগাওয়াট) মে মাসের মধ্যে চালু না হওয়ার আশঙ্কা রয়েছে।ঘাটতি ও লোডশেডিং: সূত্রগুলো জানায়, গ্রামাঞ্চলে ইতিমধ্যে প্রতিদিন সব মিলিয়ে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং শুরু হয়েছে। তবে সেখানে রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত সেচের জন্য প্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ঢাকাসহ প্রধান প্রধান শহরে এখনো লোডশেডিং সীমিত থাকলেও ঘাটতির কারণে ক্রমাগত বাড়তে শুরু করবে।যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তারা প্রথম আলোকে জানান, সকাল সাতটার পর থেকে রাত ১১টার আগপর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে চাহিদার এক-তৃতীয়াংশ। ফলে প্রতি ঘণ্টায় লোডশেডিং করেও কুলানো যাচ্ছে না। তবে সেচের জন্য রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত এখনো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু উৎপাদন চার হাজার মেগাওয়াটের মধ্যে। গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রায় ৬০০ মেগাওয়াট। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে আরও প্রায় ৮০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র।সরকারি সূত্রগুলো জানায়, এ বছরও বিদ্যুতের বিপুল ঘাটতি থাকবে। তাই এবারও লোড ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এর অংশ হিসেবে রাত আটটায় দোকানপাট বন্ধে কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। ঢাকায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটিও যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।অক্টোবর-ডিসেম্বরে চালু হওয়ার কথা যেসব কেন্দ্র: সূত্র জানায়, মে মাসের পর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বেশ কয়েকটি কেন্দ্র চালু হওয়ার কথা। এর মধ্যে অক্টোবরে গোপালগঞ্জ ১০৯ ও ফরিদপুর ৫৪ মেগাওয়াট ক্ষমতার পিকিং বিদ্যুৎকেন্দ্র এবং নভেম্বরে হাটহাজারী ৯৮, দাউদকান্দি ৫২, দোহাজারী ১০২, বেড়া (পাবনা) ৭১ ও বাঘাবাড়ী ৫২ মেগাওয়াট ক্ষমতার পিকিং বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা। ডিসেম্বরে চালু হওয়ার কথা বেড়া ৭০ ও সিলেট ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র। নভেম্বর মাসে চালু হবে গাজীপুরে ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের চট্টগ্রাম ও খুলনা অফিস, কেরানীগঞ্জ, নরসিংদী ও অভয়নগর (যশোর) প্রতিনিধি]