ভাড়াভিত্তিক কেন্দ্রই এখনো বিদ্যুতের ভরসা
বিদ্যুৎ-পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকারের পুরো মেয়াদেই ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভর করতে হবে। এ কারণে মেয়াদ শেষ হলেও কোনো ভাড়াভিত্তিক কেন্দ্রের সঙ্গেই চুক্তি বাতিল করা হচ্ছে না। বরং চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ২০১২ সাল থেকে ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ কেনার পরিমাণ কমতে শুরু করার কথা। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১২ সালে তো নয়ই, ২০১৩ সালেও ভাড়াভিত্তিক কোনো কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করা সম্ভব হবে না। কারণ, অন্য উৎসগুলো থেকে বিদ্যুতের উৎপাদন পরিকল্পনা অনুযায়ী বাড়ছে না। ফলে তেলচালিত কেন্দ্র থেকে বেশি দামের বিদ্যুৎ কেনার সময়সীমাও বাড়ছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান প্রথম আলোকে জানান, বাড়তি চাহিদা সামাল দিতে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের কোনো বিকল্প তাঁদের হাতে নেই। পিডিবির চেয়ারম্যান বলেন, আসন্ন সেচ মৌসুমের শুরু থেকে আগামী বছরের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সম্পূর্ণ সময় (জানুয়ারি-সেপ্টেম্বর) বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলাকে বলা হয়েছে। ওই পরিমাণ গ্যাস পাওয়া গেলেও বিদ্যুতের চাহিদা মেটাতে তেলচালিত ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক সবগুলো কেন্দ্রই পূর্ণ ক্ষমতায় চালাতে হবে।আবদুল ওয়াহাব খান আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো থেকে প্রতিদিন এক হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত স্থাপিত এ ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাও প্রায় তাই-ই। সেচ ও গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা মোকাবিলায় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখার জন্য পিডিবি ইতিমধ্যে এগুলোর কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে। তাতে বলা হয়েছে, কেন্দ্রগুলোর মেরামত-রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ নিশ্চিত করতে হবে, যাতে প্রয়োজনের সময় উৎপাদন ব্যাহত না হয়।এ ছাড়া সরকার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’-এর মেয়াদও বাড়াচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই আইনের আওতায় জ্বালানি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং বিদ্যুৎ খাতে আরও কয়েকটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।মেয়াদ বেড়েছে, আরও বাড়ছে: মন্ত্রণালয় ও পিডিবির সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইতিমধ্যে চারটি ভাড়াভিত্তিক কেন্দ্রের মেয়াদ একবার বাড়ানো হয়েছে। এই কেন্দ্রগুলো হচ্ছে এগ্রিকোর খুলনা-৪০ মেগাওয়াট, ভেনচার এনার্জির ভোলা-৩৫ মেগাওয়াট এবং এনার্জি প্রিমার শাহজীবাজার-৫০ ও সিলেট (কুমারগাঁও)-৫০ মেগাওয়াট। এগুলো গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের তিন বছর বিদ্যুৎ কেনার চুক্তিতে বাস্তবায়িত প্রকল্প। এর মধ্যে এগ্রিকোর খুলনা-৪০ মেগাওয়াট কেন্দ্রটির প্রথমবার বাড়ানো মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে। এটির মেয়াদ দ্বিতীয়বার বাড়ানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া আরও অন্তত দুটি কেন্দ্রের মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রক্রিয়াধীন। এই কেন্দ্র দুটি হচ্ছে এনার্জিস কোম্পানির শিকলবাহা-৫৫ এবং রহিমআফরোজের ঠাকুরগাঁও-৫০ মেগাওয়াট।আগামী বছরের মধ্যে মেয়াদ শেষ হবে এমন কয়েকটি ভাড়াভিত্তিক কেন্দ্রের কর্তৃপক্ষীয় সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছে, তারাও নিজ নিজ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর জন্য সরকারের সঙ্গে মৌখিক যোগাযোগ করছে। এরপর সরকারের সম্মতির ভিত্তিতে লিখিতভাবে প্রস্তাব পাঠানো হবে। এদিকে সরকারি সূত্র বলছে, এখন মেয়াদ না বাড়িয়ে শুরুতেই বেশি মেয়াদে চুক্তি করা হলে খরচ কম পড়ত। সূত্রটি উদাহরণ হিসেবে সিদ্ধিরগঞ্জের ১০০ মেগাওয়াটের কেন্দ্র দুটির কথা উল্লেখ করে। এর একটির চুক্তির মেয়াদ তিন বছর ও অন্যটির পাঁচ বছর। তিন বছরের চুক্তিভিত্তিক কেন্দ্রটি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হচ্ছে ২২ টাকা ৭৭ পয়সা করে। অথচ পাঁচ বছরের চুক্তিভিত্তিক কেন্দ্রটি থেকে কেনা হচ্ছে তুলনামূলকভাবে অনেক কম—মাত্র ১৬ টাকা ৪৫ পয়সা করে। প্রতি ইউনিটে ব্যবধান ছয় টাকা ৩২ পয়সা। তাই প্রথমেই তিন বছরের পরিবর্তে পাঁচ বছরের জন্য চুক্তি করলে বিদ্যুতের দাম অনেক কম হতো।বিশেষ আইনের মেয়াদ বৃদ্ধি: প্রচলিত দরপত্র প্রক্রিয়া ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেকোনো প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে দুই বছরের জন্য আইনটি জাতীয় সংসদে পাস করা হয়েছিল ২০১০ সালের ৩ অক্টোবর। রাষ্ট্রপতির সম্মতির পর সে মাসেই এর গেজেট হয়। এই আইনের আওতায় দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভা আইনটির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো বলছে, গত দুই বছরে এই আইনের আওতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। এবার এলএনজি আমদানির প্রকল্প এবং গ্যাস ও কয়লাভিত্তিক আরও কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ এই আইনের আওতায় নেওয়া হবে।