ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আর কোনো ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র করবে না। এর পরিবর্তে ‘বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নীতিমালার (আইপিপি পলিসি)’ অধীনে বিদ্যুৎকেন্দ্র করা হবে। আগামী মাসেই (ফেব্রুয়ারি ২০১০) এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রগুলো জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানের জন্য ১৩০ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপনের দরপত্রও আগামী মাসে আহ্বান করা হচ্ছে। এ ছাড়া আরও অন্তত চারটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।ভাড়াভিত্তিক আর নয়: সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিটি উদ্যোগই নিয়েছে অতি জরুরি ভিত্তিতে স্বল্প সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু একবারও এই উদ্যোগ সফল হয়নি। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুতৎ পাওয়া যায়নি। অথচ এসব কেন্দ্র থেকে সরকারকে বিদ্যুৎ কিনতে হয় অনেক বেশি দামে।যেহেতু এসব কেন্দ্র থেকে স্বল্প মেয়াদে বিদ্যুৎ কেনা হয়, সেহেতু যন্ত্রপাতি যা বসানো হয় তা থাকে অতি পুরোনো। অনেক সময় এসব যন্ত্রপাতি চালুও হয় না। প্রকৃত উদ্যোক্তারা এসব কাজে খুব আগ্রহ বোধ করেন না। ফলে অনভিজ্ঞ উদ্যোক্তারা কাজ পান। কিন্তু সফলভাবে তা করতে পারেন না। এ কারণেই গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কার্যাদেশ দেওয়া একাধিক ভাড়াভিত্তিক কেন্দ্র এখনো চালু হয়নি।বর্তমান সরকারের সময়ও আসন্ন সেচ মৌসুম নির্বিঘ্ন করার জন্য ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়। এমনকি, অতি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পাওয়ার জন্য ডিজেলচালিত কেন্দ্র স্থাপনেরও পদক্ষেপ নেওয়া হয়, যার প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে ১৬ টাকা। তারপরও এই সেচ মৌসুমে এর একটি কেন্দ্র থেকেও সরকার বিদ্যুৎ পাচ্ছে না।এই প্রেক্ষাপটে আর কোনো ভাড়াভিত্তিক কেন্দ্র না করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আর কোনো রেন্টাল পাওয়ার প্লান্ট (ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র) না করার কথা ভাবছি। এর পরিবর্তে আইপিপি নীতির অধীনে বিদ্যুৎকেন্দ্র করা হবে। এ জন্য আগামী মাসের মাঝামাঝি দরপত্র আহ্বান করা হবে।’বাংলাদেশ-ভারত সঞ্চালন লাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার ব্যাপারে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তাতে দুই দেশের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন, বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগ, এই খাতে মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। ১২ জানুয়ারি এ বিষয়ে বৈঠক হয়েছে দুই দেশের বিদ্যুৎসচিব পর্যায়ে। সেই বৈঠকে যৌথ বিনিয়োগের সম্ভাবনা ও মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ।ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানের জন্য বাংলাদেশের ভেড়ামারা ও ভারতের বহরমপুরকে যুক্ত করে একটি সঞ্চালন লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ যৌথভাবে সম্পন্ন করা হয়েছে। ১৩০ কিলোমিটার দীর্ঘ এই সঞ্চালন লাইনের ৮৫ কিলোমিটার হবে ভারতে ও ৪৫ কিলোমিটার বাংলাদেশের মধ্যে। এ ছাড়া ভেড়ামারায় একটি গ্রিড উপকেন্দ্র স্থাপন করতে হবে। এ কাজে বিনিয়োগ করতে হবে প্রায় ৮০০ কোটি টাকা। ভেড়ামারায় উপকেন্দ্র করতে হবে বলে বিনিয়োগের বেশির ভাগই হবে বাংলাদেশে।বিদ্যুৎসচিব বলেন, আগামী মাসেই এই লাইন ও উপকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে। দরপত্র প্রক্রিয়া শেষে আগামী জুন-জুলাই মাসে কার্যাদেশ দেওয়া হবে। এর পরবর্তী ২৪ মাসের মধ্যে কাজ শেষ হবে এবং বিদ্যুৎ আদান-প্রদান করা যাবে। তিনি বলেন, ‘এই কাজটি হচ্ছে শুধু ভারতের কাছ থেকে আমাদের বিদ্যুৎ কেনার জন্য। এই সময়ের মধ্যে ভারত বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির সক্ষমতা অর্জন করবে। আর ভবিষ্যতে সম্ভব হলে আমরাও ভারতে বিদ্যুৎ রপ্তানি করতে পারব।’বড় কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া: ভাড়াভিত্তিক ও পিকিং বিদ্যুৎকেন্দ্রের (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য নির্মিত) পাশাপাশি সরকার অন্তত চারটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যে একটি হচ্ছে মেঘনা ঘাটে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার দ্বৈত জ্বালানিভিত্তিক (ডুয়েল ফুয়েল) কেন্দ্র। এই কেন্দ্রটি স্থাপনের কাজে অংশ নিতে আগ্রহীদের প্রাক্-যোগ্যতা (প্রি-কোয়ালিফিকেশন—পিকিউ) যাচাই করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত বৃহস্পতিবার কোম্পানিগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে। ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২ এবং ১৫০ থেকে ২২৫ মেগাওয়াট ক্ষমতার ভোলা বিদ্যুৎকেন্দ্রের জন্যও একই প্রক্রিয়া আগামী মাসেই শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১ কেন্দ্রটি স্থাপনের জন্য এর আগে প্রাক্-যোগ্যতা যাচাইকৃত কোম্পানিগুলোর কাছে দরপ্রস্তাব দেওয়ার অনুরোধপত্রও (আরএফপি) আগামী মাসে দেওয়া হবে। এ ব্যাপারে বিশ্ব ব্যাংক ও সরকারের মধ্যে কিছুটা টানাপোড়েন থাকায় কাজটি বিলম্বিত হয়েছে। এখন সেটা মিটে গেছে বলে জানা গেছে।ভাড়াভিত্তিক ও পিকিং প্রকল্প: বর্তমান সরকার যে আটটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র আহ্বান করেছিল, যাবতীয় প্রক্রিয়া শেষে তার মধ্যে পাঁচটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। এগুলো এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য রয়েছে। আগামী সপ্তাহেই এই পাঁচটি স্থাপনের ব্যাপারে নির্বাচিত কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি হতে পারে। এ ছাড়া দুটি কেন্দ্র সম্পর্কে পিডিবির মূল্যায়ন প্রতিবেদন আগামী সপ্তাহে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং বাকি একটি সম্পর্কে কী করা হবে সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানান পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির।পিকিং প্লান্টগুলো সম্পর্কে চেয়ারম্যান জানান, পিডিবি পাঁচটির মূল্যায়ন ও সারসংক্ষেপ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাকি তিনটির বিষয়েও দরপত্রে অংশ নেওয়া কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।রোড শো: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের পরিকল্পিত তিনটি রোড শোর দ্বিতীয়টি ২৫ ও ২৬ জানুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে। এই রোড শোতে অংশগ্রহণের জন্য সরকারি প্রতিনিধিদল আজ শনিবার রাতে সিঙ্গাপুর রওনা হচ্ছে।তৃতীয় রোড শো হবে নিউইয়র্কে ২৮ ও ২৯ জানুয়ারি। সেখানে অংশ নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকেই প্রতিনিধিদলটি নিউইয়র্ক যাবে।গত ১৬ ও ১৭ ডিসেম্বর লন্ডনে প্রথম রোড শোটি হয়। এই তিনটি রোড শোর উদ্দেশ্য, অন্তত ৩৫ হাজার কোটি টাকা (৫০০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ আনা।