ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেলের অপব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রচুর জ্বালানি তেলের অপচয় হচ্ছে। এর মধ্যে কোনো কোনো কেন্দ্রে অপচয়ের পরিমাণ এত বেশি যে সংশ্লিষ্ট সূত্রগুলো তাকে ‘অপব্যবহার’ বলে অভিহিত করেছে।বিদ্যুৎ মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রগুলো জানায়, গত এক বছরে ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো নির্ধারিত পরিমাণের চেয়ে প্রায় ১২০ কোটি টাকার জ্বালানি তেল বেশি ব্যবহার করেছে। এর মধ্যে একটি কোম্পানি মাত্র ১১ মাসে বেশি ব্যবহার করেছে প্রায় ৪৯ কোটি ২৯ লাখ টাকার তেল।সূত্রগুলো জানায়, অন্য কোম্পানিগুলোর একেকটি দুই থেকে আট কোটি টাকার পর্যন্ত বেশি তেল ব্যবহার করছে। তবে একটি কোম্পানির অপচয় ছিল সর্বনিম্ন পর্যায়ে। তারা মাত্র ৭১ হাজার টাকার বেশি তেল ব্যবহার করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, যান্ত্রিক ও কারিগরি কারণে এটুকু বেশি ব্যবহার গ্রহণযোগ্য।তেল বেশি ব্যবহারের কারণ জানতে চাইলে একাধিক কোম্পানির মালিক ও কর্মকর্তারা বলেন, তাঁরা ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি কিনে ঠকেছেন। যে রকম সার্ভিস পাওয়া যাবে বলে বুঝিয়ে এগুলো তাঁদের কাছে বিক্রি করা হয়েছে, তেমন সার্ভিস পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে কেউ কেউ এখন বিদ্যুৎকেন্দ্র বিক্রি করে দিতে চাইছেন বলেও জানিয়েছেন।জানতে চাইলে পিডিবির সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) আবুল কাশেম গত রোববার প্রথম আলোকে বলেন, প্রতিটি কেন্দ্রের জন্য স্বাক্ষরিত চুক্তিতে তেলের ব্যবহার নির্ধারণ করা আছে। ওই নির্ধারিত পরিমাণের চেয়ে যেটুকু তেল বেশি ব্যবহার করা হচ্ছে, চুক্তি অনুযায়ী সেটুকুর দাম ওই কোম্পানির বিদ্যুৎ বিল থেকে কেটে নেওয়া হবে।পিডিবির সদস্য বলেন, ইতিমধ্যে তাঁরা একটি কোম্পানির দুটি বিদ্যুৎকেন্দ্রের বিল থেকে বাড়তি তেল ব্যবহারের বিপরীতে টাকা কাটতে শুরু করেছেন। অন্য কোম্পানিগুলোর বিল থেকেও টাকা কাটার আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।এই টাকা কেটে নেওয়া সম্পর্কে জানতে চাইলে অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ করা হয় ভর্তুকিমূল্যে। সেই তেল বেশি ব্যবহার বা অপব্যবহারের বিপরীতে যে টাকা কেটে নেওয়া হবে বা হচ্ছে, তা জ্বালানি তেলের প্রকৃত দাম কি না, নাকি ভর্তুকিমূল্য, তা দেখতে হবে।মোস্তাফিজুর রহমান বলেন, দ্বিতীয় কথা হলো, দেশে এখনো বিদ্যুতের ঘাটতি আছে। ওই তেলে যদি বিদ্যুৎ উৎপাদিত হতো, তাহলে তা অর্থনীতিতে অনেক বেশি ইতিবাচক প্রভাব ফেলত। এখন তেলের দাম কেটে রাখার পরও সরকারের লোকসানই হবে। সরকার এখন পর্যন্ত ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল মিলে মোট ২০টি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি সই করেছে। এর মধ্যে ২৬৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি ভাড়াভিত্তিক ও এক হাজার ১৩৮ মেগাওয়াট ক্ষমতার ১৪টি কুইক রেন্টাল কেন্দ্র চালু হয়েছে। বাকি তিনটি চালুর প্রক্রিয়ায় আছে। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য বছরে প্রায় ২০ লাখ টন জ্বালানি তেল দরকার হচ্ছে। জ্বালানি তেলের কয়েক দফা দাম বাড়ানোর পরও এখন পর্যন্ত সরকারকে প্রতি লিটার ডিজেলে প্রায় ১২ টাকা এবং ফার্নেস তেলে নয় টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে। এসব জ্বালানি তেল সবটুকুই আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রা ব্যয় করে।কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী-কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি তেলের অপচয় বা অপব্যবহারের যে হিসাব পিডিবি করেছে, প্রকৃত অপব্যবহার তার চেয়ে অনেক বেশি। কারণ, জাহাজ থেকে তেল বিদ্যুৎকেন্দ্রের রিজার্ভ ট্যাংকে ঢোকানোর সময় কত তেল ঢোকানো হলো, সেই হিসাব করার জন্য ‘ডিজিটাল ফ্লো মিটার’, মানে একটি যন্ত্রের মাধ্যমে ঢোকানোর কথা। কিন্তু অনেক ক্ষেত্রেই তা না করে রিজার্ভ ট্যাংকে তেল ঢোকানো হয়।