ভি কে সিংকে আদালতে তলব
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিংসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। লেফটেন্যান্ট জেনারেল (অব.) তেজিন্দর সিংয়ের করা একটি মানহানির মামলায় আজ শুক্রবার দিল্লির একটি আদালত তাঁদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই প্রথম ভারতের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করলেন আদালত। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আরও যাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে, তাঁরা হলেন সেনা উপপ্রধান এস কে সিং, লেফটেন্যান্ট জেনারেল বি এস ঠাকুর (ডিজিএমআই), জনসংযোগ বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল এস এল নরসিমান ও লেফটেন্যান্ট জেনারেল হিতেন স্বনে। তাঁরা সবাই ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।মহানগর হাকিম জয় থারেজার আদালত বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিংসহ ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রতিক করা মামলার কারণে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো।লেফটেন্যান্ট জেনারেল (অব.) তেজিন্দর সিং অভিযোগ করেছেন, গত ৫ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্তরা দাবি করেছেন, তেজিন্দর সিং সাবেক সেনাপ্রধানকে ১৪ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছেন। তাঁর বিরুদ্ধে এই অযৌক্তিক অভিযোগ আনায় সেনাবাহিনীতে তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মামলায় আভিযোগ করেন।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ৬০০ ট্রাক-সংক্রান্ত একটি চুক্তি নিষ্পত্তি করে দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিংকে ১৪ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব দেন সাবেক ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান তেজিন্দর সিং। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সেনাপ্রধান।তেজিন্দর সিংকে ২১ জুনের মধ্যে সব তথ্য-প্রমাণাদি আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।