ভিআইপি ক্যাফেটরিয়া বন্ধ থাকায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ভিআইপি ক্যাফেটরিয়া দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় আজ বুধবার সংসদীয় কমিটির সভায় সদস্যরা তীব্র ক্ষোভ জানিয়েছেন। এটি বন্ধের কারণ ও আবার চালুর ব্যাপারে সংসদ সচিবালয়কে আগামী রোববারের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এই সভায় সভাপতিত্ব করেন সংসদের চিফ হুইপ আবদুস শহীদ। সভায় হুইপ আ স ম ফিরোজ, এম এ মান্নান, হাফিজ উদ্দিন আহমেদ ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সাংসদদের নামে বরাদ্দ করা ফ্ল্যাটে নিয়মবহির্ভূতভাবে অন্যদের থাকতে দেওয়া সাংসদদের তালিকা আগামী ১০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে ইতিমধ্যে ২৮ জন সাংসদকে চিহ্নিত করা হয়েছে।সভা শেষে কমিটির সভাপতি আবদুস শহীদ বলেন, সাংসদদের নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে অবৈধভাবে অন্য কারও থাকার সুযোগ নেই। তাই এমন সাংসদদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর সংসদ কমিটির পক্ষ থেকে তাঁদের আবার চিঠি দেওয়া হবে।ভিআইপি ক্যাফেটরিয়া: সূত্র জানায়, সভায় ভিআইপি ক্যাফেটরিয়া হঠাত্ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কমিটিকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। কারণ নিয়মানুযায়ী নতুন ঠিকাদার না আসা পর্যন্ত ক্যাফেটরিয়ায় পুরোনো ঠিকাদারেরই দায়িত্ব পালনের কথা।কমিটির সদস্য এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ইতিহাসে এই প্রথম সংসদের ভিআইপি ক্যাফেটরিয়া এভাবে হুট করে বন্ধ হয়ে গেল। কমিটির সদস্যরা এ নিয়ে সভায় ক্ষোভ জানিয়েছেন। আবার দরপত্র আহ্বান করতে হবে বলে শিগগির এটি চালু করা সম্ভব হবে না।সভা শেষে দুপুরে চিফ হুইপ আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, সভায় নির্ধারিত আলোচনার আগেই সাংসদেরা ভিআইপি ক্যাফেটরিয়া প্রসঙ্গে জানতে চান। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, দুই ইজারাদারের দ্বন্দ্বের কারণে ক্যাফেটরিয়া বন্ধ হয়ে গেছে। কমিটি এ ধরনের যুক্তি মানতে রাজি হয়নি। কারণ এতে সংসদের সম্মানহানি হয়েছে। বিষয়টি সম্পর্কে আগামী রোববারের মধ্যে কমিটিকে বিস্তারিত জানাতে বলা হয়েছে।প্রসঙ্গত, ভিআইপি ক্যাফেটরিয়া পরিচালনার ঠিকাদারি পাওয়া সপ্তডিঙ্গা নামের প্রতিষ্ঠানের দুই মালিক আনোয়ারুল ইসলাম রতন ও আনোয়ার হোসেনের দ্বন্দ্বে ১৪ ডিসেম্বর থেকে ক্যাফেটরিয়াটি বন্ধ রয়েছে। এ নিয়ে আজ প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আনোয়ারুল ইসলাম রতনকে ভুলক্রমে আনোয়ার হোসেন রতন উল্লেখ করা হয়েছিল।রতনের ব্যাখ্যা: আজ আনোয়ারুল ইসলাম রতন এক ব্যাখ্যায় দাবি করেন, ‘কাজ পাওয়ার পর আনোয়ার হোসেন ৫০ লাখ টাকা নিয়ে আমাকে সপ্তডিঙ্গার ৪০ শতাংশের অংশীদার করেন। টাকা আত্মসাতের বাহানায় তিনি একক সিদ্ধান্তে ক্যাফেটরিয়া বন্ধ রেখেছেন। সিকিউরিটির টাকা ও ক্রোকারিজ কেনার ব্যাপারে আমাকে টাকা দেওয়ার প্রশ্নই আসে না। কারণ ওই কাজ তিনি নিজ দায়িত্বে সম্পাদন করেছেন। তাঁকে হত্যার হুমকির অভিযোগও কল্পনাপ্রসূত।’