ভিআরএসধারীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
বিমানের অনুমোদিত শূন্য পদে স্বেচ্ছা-অবসর কর্মসূচির (ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম—ভিআরএস) নামে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের জন্য সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিয়োগপত্র দেওয়া পর্যন্ত চারটি ধাপে ৯৭ দিন বেঁধে দিয়েছেন আদালত।আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।নতুন নিয়োগের জন্য হাইকোর্টের আজকের আদেশের অনুলিপি পাওয়ার পর থেকে এ সময় গণনা শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালত সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ এক রায়ে হাইকোর্ট বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বেচ্ছা-অবসর কর্মসূচির (ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম—ভিআরএস) নামে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ৬০৮টি অনুমোদিত শূন্য পদের বিপরীতে নতুন করে নিয়োগ দিতে বলা হয়। কিন্তু ৫ জুলাই বিমান কর্তৃপক্ষ টেলেক্সযোগে কমার্শিয়াল পদে পদোন্নতির জন্য দাপ্তরিক নোটিশ দেয়। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে বিমানের দুজন কমার্শিয়াল কর্মকর্তা ৮ জুলাই হাইকোর্টে আদালত অবমাননার আবেদনটি করেন। ৯ জুলাই আদালত এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত অবমাননার রুল জারি করেন এবং বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদসহ বিমানের চার কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন এবং আজ তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেন।অপর তিন কর্মকর্তা হলেন: বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার, পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. শাহনেওয়াজ ও ব্যবস্থাপক (আইন শাখা) আজরা নাসরিন রহমান।আদালতের নির্দেশনা অনুসারে আজ তাঁরা হাজির হয়েছিলেন।আদালত অবমাননার আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাইতাস হিল্লোল রেমা।আহসানুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, চার কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। আদালত ওই আবেদন নিষ্পত্তি করে তাঁদের অব্যাহতি দিয়েছেন। আইনজীবী আমিনুল হক বলেন, যাঁরা ভিআরএস গ্রহণ করেছেন, তাঁদের নিয়োগের জন্য দুটি জাতীয় দৈনিকে (একটি বাংলা ও একটি ইংরেজি) সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের ১৫ দিন সময় দিতে বলা হয়েছে। ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে ৬০ দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করতে এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে নিয়োগপত্র দিতে বলা হয়েছে। এ হিসাবে ৯৭ দিনের মধ্যে পুরো নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।