ভিওআইপি উন্মুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই মাসের মধ্যে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।একই সঙ্গে উদ্বৃত্ত ব্যান্ডউইথ রপ্তানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভাপতি হাসানুল হক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ভিওআইপির অবৈধ ব্যবসার বিরুদ্ধে বিটিআরসির অভিযানের ফলে এরই মধ্যে বৈধপথে প্রায় দ্বিগুণ কল আসছে।বর্তমানে প্রতিদিন পাঁচ কোটি ৭০ লাখ মিনিট কল দেশে আসছে দাবি করে হাসানুল হক বলেন, এখনো সমপরিমাণ কল অবৈধ পথে আসছে। এসব অবৈধ কল বৈধপথে আনা গেলে সরকারের আয় অনেক বেড়ে যাবে। তাই আগামী দুই মাসের মধ্যে একে উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, মোবাইল অপারেটরদের বিরুদ্ধে যদি অবৈধ কল টার্মিনেশনের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, কমিটির সদস্য আবদুল কুদ্দুস, সোলায়মান হক জোয়ার্দ্দার, আবদুল ওদুদ, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন অংশ নেন।