ভিওআইপি লাইসেন্স পেতে দেড় হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সার্ভিস লাইসেন্স (ভিএসপি) পেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কার্যালয়ে প্রায় দেড় হাজার আবেদন জমা পড়েছে। আজ রোববার ছিল লাইসেন্সের জন্য আবেদনের শেষ দিন।কাল সোমবার থেকে শুরু হবে লাইসেন্স মূল্যায়নের কাজ। তবে কতটি লাইসেন্স দেওয়া হবে, তা নির্ধারণ করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির লিগাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এসব তথ্য জানান। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী ভিওআইপি লাইসেন্সপ্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি প্রোভাইডার নামে পরিচিত হবেন। অবৈধ ভিওআইপি বন্ধ করার জন্য এ লাইসেন্স নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় গত বছর।গত ২২ জুলাই বিটিআরসির ওয়েবসাইটে ভিএসপি লাইসেন্স-প্রক্রিয়ার চূড়ান্ত নীতিমালা ও লাইসেন্সের জন্য আবেদন চেয়ে নোটিশ দেওয়া হয়। তবে মোট কতটি লাইসেন্স দেওয়া হবে, তা নীতিমালায় উল্লেখ করা হয়নি। আর লাইসেন্স মূল্যায়নের সব দায়িত্ব থাকবে বিটিআরসির হাতে।সদ্য প্রণীত নীতিমালা অনুযায়ী ভিএসপি লাইসেন্স পেতে পাঁচ হাজার টাকা দিয়ে আবেদন করতে হয়েছে। লাইসেন্স ফি হবে পাঁচ লাখ টাকা। বছরে লাইসেন্স নবায়ন করতে ফি এক লাখ টাকা। আর লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট আয়ের ১০ শতাংশ সরকারকে লভ্যাংশ হিসাবে দিতে হবে।বিটিআরসির হিসাবে, বর্তমানে প্রতিদিন বৈধ পথে আড়াই কোটি মিনিট কল রেকর্ড করা হয়। প্রতি মিনিট বৈধ পথে আন্তর্জাতিক কলে তিন মার্কিন সেন্ট দেশের আয় হয়।