ভিওআইপির সঙ্গে যুক্ত থাকলে সরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ উপায়ে ভিওআইপি ব্যবসার সঙ্গে বিটিআরসির কর্মকর্তারা কেউ যুক্ত থাকলে তাঁকে দ্রুত সরে আসার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় পরিদর্শনের সময় সম্মেলনকক্ষে পরিচিতিমূলক অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সাহারা খাতুন। এ সময় তিনি অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িতদের সম্পর্কে জানতে চেয়েছেন। সাহারা খাতুন বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, অবৈধ ভিওআইপি নিয়ে লেখা হচ্ছে। সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই, বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা এর সঙ্গে জড়িত নন। আর কেউ জড়িত থাকলে এখনই সরে আসবেন।’এ সরকারের আমলে অনেক শ্রমিক ও জনবল বিদেশে কাজে যোগদান করেছে উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন করেন, ‘তাঁরা যে কল করেন তা কোথায় যায়? যে পরিমাণ কল করা হয় তার রাজস্ব আসে না কেন?’বিটিআরসির হিসাবে, বৈধ আন্তর্জাতিক কলের পরিমাণ গড়ে প্রতিদিন প্রায় তিন কোটি মিনিট, যা আগে পাঁচ কোটি মিনিটের বেশি ছিল। বর্তমানে বৈধভাবে প্রতি মিনিটের আন্তর্জাতিক কল থেকে তিন মার্কিন সেন্ট সরকারি কোষাগারে যায়। ১৭ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বলেন, ‘যেকোনো মূল্যে অবৈধ ভিওআইপি বন্ধ করা হবে। এ ছাড়া ভিএসপি (ভিওআইপি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স প্রক্রিয়াধীন বলে জানান তিনি। আগামী বছর থেকে বেসরকারি অপারেটররা তৃতীয় প্রজন্মের (থ্রি জি) প্রযুক্তিসেবা চালু করতে পারবে জানিয়ে সচিব বলেন, থ্রি জি-বিষয়ক নিলাম আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।