ভিকারুন নিসায় জটিলতা, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অচলাবস্থা কাটেনি। উদ্ভূত সংকট নিরসনে গতকাল রোববার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন মন্ত্রীর কাছে।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ নিয়ে বিরোধের কারণে ১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। কেন্দ্রসচিবের দায়িত্ব কাকে দেওয়া হবে, পরীক্ষার খাতা বা প্রশ্ন কে আনবেন, আর্থিক লেনদেন কার মাধ্যমে হবে—সেসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়ম অনুযায়ী অধ্যক্ষ এসব বিষয়ে অন্যান্য শিক্ষকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন।উল্লেখ্য, ২১ মার্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমকে সরিয়ে দিয়ে ওই কলেজের সহকারী অধ্যাপক শায়লা আহমেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার ঘটনায় বিরোধ তৈরি হয়। প্রতিষ্ঠানটির প্রায় সব শিক্ষক রোকেয়া আক্তারকে তাঁর মেয়াদ পূরণ করতে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন। কিন্তু ২৭ মার্চ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেনন স্বাক্ষরিত একটি চিঠিতে শায়লা আহমেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। তাঁকে অসহযোগিতা করলে বা অন্য কারও সঙ্গে আর্থিক লেনদেন করলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও বলেন মেনন।গতকাল রোববার পর্যন্ত পরিচালনা পরিষদ তাদের অবস্থানে অনড় ছিল। পরিষদের অভিভাবক প্রতিনিধি ও যুবলীগ নেতা আতাউর রহমান বলেছেন, শায়লা আহমেদ প্রতিষ্ঠানটির যাবতীয় দায়দায়িত্ব পালন করবেন।তবে শায়লা আহমেদ গতকালও প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব পালন করেননি। প্রায় ১৫০ শিক্ষক গতকাল এক সভায় মিলিত হয়ে উদ্ভূত সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।রোকেয়া আক্তার বেগম জানিয়েছেন, শায়লা আহমেদের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। যেহেতু হাইকোর্টের কাছ থেকে আগামী এক মাসের জন্য অধ্যক্ষ নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাই তিনি বৈধভাবে দায়িত্ব পালন করছেন এবং করবেন। গতকালও তিনি অধ্যক্ষের কক্ষে বসে দায়িত্ব পালন করেন।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকেরা বলছেন, শিক্ষকের অভাবে এই কলেজের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। প্রায় ১৫০ শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া শুরুর পর বন্ধ রাখা হয়েছে। এই নিয়োগের আগে রোকেয়া আক্তার বেগমকে সরিয়ে দিতে মহলবিশেষ চেষ্টা করছে। এ ছাড়া স্কুলে এ বছর সব মিলিয়ে প্রায় ৩০০ অবৈধ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এটাকে কেন্দ্র করে যে তিক্ত অবস্থা তৈরি হয়েছে, তার অবসান ঘটাতে এবং আগামী বছরের অবৈধ ভর্তি নিষ্কণ্টক করতে রোকেয়া আক্তারকে সরানোর বিকল্প নেই।শিক্ষকদের আরেকটি অংশ মনে করে, রোকেয়া আক্তার বেগমের শিক্ষাগত যোগ্যতা ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু যে প্রক্রিয়ায় তাঁকে পরিচালনা পরিষদ চলে যেতে বলেছে, সেটি একজন প্রবীণ শিক্ষকের জন্য অপমানজনক।এদিকে কলেজ পরিচালনা পরিষদ জানিয়েছে, আদালত শুধু অধ্যক্ষ নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কাজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে কোনো বাধা নেই। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পরিচালনা পরিষদের সদস্য আতাউর রহমান বলেছেন, অনুমতির বিষয়টি আনুষ্ঠানিকতা মাত্র। বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত।ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ: রাশেদ খান মেনন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে ভর্তি-বাণিজ্যে জড়িত রয়েছেন মর্মে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাশেদ খান মেননের রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল এই অভিযোগ তুলেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেদ খান মেনন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরলেই তাঁকে প্রকৃত ঘটনা জানানো হবে এবং এতে সবার বিভ্রান্তি দূর হবে।