ভিকারুন নিসায় প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১২ সালের প্রথম শ্রেণীতে ভর্তির লটারি কার্যক্রম আজ শনিবার সকালে শুরু হয়েছে। কলেজটির বেইলি রোডের মূল ক্যাম্পাসে লটারির এ কার্যক্রম চলবে তিনদিন। ধানমন্ডি ক্যাম্পাসের প্রভাতী ও দিবা শাখায় লটারি দিয়ে আজকের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ব্যাংক এবারের লটারি কার্যক্রমে সহায়তা করছে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া সিরিয়াল নম্বরের পাশে আলাদা করে কোড নম্বরও দেওয়া হয়েছে।লটারি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক মুহিবুল হক।অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাত্র ভর্তি করানোর আশায় বাইরে কাউকে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।