পরিমলের জামিনের আবেদন নাকচ
ভিকারুননিসা স্কুলের ছাত্রী ধর্ষণের মামলা পুনঃ তদন্তের নির্দেশ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার এক ছাত্রী ধর্ষণের অভিযোগে করা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার আসামি পরিমল জয়ধরের জামিনের আবেদনও নাকচ করা হয়েছে।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক এ কে এম মোস্তফা দেওয়ান গতকাল বুধবার এই আদেশ দেন। আদালত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীর করা নারাজি আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন তদন্ত শেষে গত ১৪ আগস্ট পরিমলকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। ভিকারুননিসা স্কুলের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। বাদী এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ২৫ আগস্ট নারাজি আবেদন করেন। তিনি ডিবি অথবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে মামলাটি পুনরায় তদন্তের আবেদন জানান।আসামি পরিমলকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী শাহীন বেপারী জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করেন।নারাজি আবেদনে বলা হয়, তদন্ত কর্মকর্তা মুঠোফোনে তোলা ছবি ও সিমকার্ড উদ্ধার না করে ভুয়া একটি সিমকার্ড উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করেন। এ ছাড়া প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া, মামলার আলামত বিনষ্ট এবং সাক্ষীদের জবানবন্দি সঠিকভাবে পর্যালোচনা না করে প্রতিবেদন দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ থাকার পরও অভিযোগপত্র থেকে আসামি অধ্যক্ষ হোসনে আরা ও লুৎফর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে।্রবাদীপক্ষে শুনানি করেন জিল্লুর রহমান।ওই ছাত্রীর নিকটাত্মীয় মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নির্যাতিতার পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ সরবরাহ করা হয়েছে, তা আমলে নেয়নি পুলিশ। তিনি বলেন, সাবেক অধ্যক্ষ ও শাখাপ্রধানের বিরুদ্ধে আলামত নষ্ট করা, ভয়-ভীতি দেখানো ও মেয়েটিকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়। কিন্তু মেয়েটির স্বজনদের বক্তব্য অভিযোগপত্রে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাই নারাজি আবেদন করেছেন।আদালত সূত্র জানায়, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ওই ছাত্রীকে গত ২৮ মে পাশের কোচিং সেন্টারের একটি কক্ষে হাত বেঁধে, মুখে ওড়না গুঁজে নির্যাতন করেন ওই শাখার বরখাস্ত হওয়া শিক্ষক পরিমল জয়ধর। এ ব্যাপারে ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় পরিমল, হোসনে আরা ও লুৎফর রহমানকে আসামি করে মামলা করেন। ৭ জুলাই কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে পরিমলকে পুলিশ গ্রেপ্তার করে। ১১ জুলাই তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৭ জুলাই ওই ছাত্রী ঘটনার বর্ণনা করে জবানবন্দি দেয়। ২৭ জুলাই পরিমল তাঁর জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।