ভিকারুননিসায় ভোররাতেই ভর্তিযুদ্ধ
হঠাৎ দেখলে মনে হবে, টিকিটের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে হাজারো মানুষ। ঈদের আগে বাড়ি ফিরতে উন্মুখ লোকজন বাস-ট্রেন-লঞ্চের টিকিটের জন্য যেভাবে দাঁড়িয়ে থাকে, সেই ব্যাকুলতা তাদের চেহারায়। তবে স্কুলের সামনে মানুষের এই সারি যানবাহনের কোনো টিকিটের জন্য নয়, ভর্তি ফরমের জন্য।আজ বুধবার ভোরে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক হাজার অভিভাবককে। নিজের শিশুসন্তান বা স্বজনের জন্য প্রথম শ্রেণীর ভর্তি ফরমের আশায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা। প্রভাতি শাখায় সকাল আটটা থেকে ফরম ছাড়ার সময় নির্ধারণ করা থাকলেও অভিভাবকদের বেশির ভাগই ওই স্কুলের ফটকে গিয়ে হাজির হন ভোররাতে। কেউ কেউ রাতেই এসে দাঁড়িয়েছেন বলে জানান। দিবা শাখার ফরম বিতরণ বেলা ১১টায় শুরু হওয়ার কথা, সেখানেও একই দৃশ্য দেখা যায়। এভাবে রাজধানীর এই স্বনামখ্যাত স্কুলে এবারের ভর্তিযুদ্ধ শুরু। এ যুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের হয়ে লড়ছেন তাদের অভিভাবকেরা।কথা হয় অভিভাবকদের একজন মোস্তাফিজুর রহমানের সঙ্গে। শাহজাহানপুরের বাসা থেকে তিনি ভোর সাড়ে পাঁচটায় এসে ভিকারুননিসার ৭ নম্বর ফটকের সামনে সারিতে দাঁড়িয়েছেন। নাতনির জন্য ভর্তি ফরম হাতে পেয়েছেন সকাল পৌনে ১০টায়। পুরুষ ও নারীদের জন্য আলাদা সারি ছিল। পুরুষদের সারিটি দীর্ঘ হওয়ায় ফরম মিলেছে একটু দেরিতে। মগবাজারের বাসিন্দা সাবরিনা রহমান প্রথম আলো ডটকমকে জানান, নারীদের সারিতে অভিভাবকদের সংখ্যা কম থাকায় তুলনামূলক কম সময়ে ফরম মিলেছে। শুধু বেইলি রোডে নয়, আজ ভিকারুননিসার ধানমন্ডি, বসুন্ধরা ও আজিমপুর শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রথম শ্রেণীর ভর্তি ফরম ছাড়া হয়েছে। একেকটি ফরম বিক্রি হয়েছে ২০০ টাকায়। সব মিলিয়ে ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে আসনসংখ্যা প্রায় এক হাজার ৪০০। ১৫, ১৭ ও ১৮ নভেম্বরও এই স্কুলের ভর্তি ফরম বিক্রি হবে। প্রথম দিনই আসনসংখ্যার বিপরীতে কয়েক গুণ বেশি ফরম বিক্রি হয়েছে। এসব ফরম পূরণ করে জমা দিতে হবে ১৯ নভেম্বর। ওই দিনই শিক্ষার্থীদের সাক্ষাত্কারের তারিখ ও সময় জানানো হবে। সাক্ষাত্কারে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে এরপর প্রকাশ্যে লটারির মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মোট আসনে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান-নাতি-নাতনি কোটা, ২ শতাংশ প্রতিবন্ধী কোটা, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান কোটা থাকায় অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন, এই স্কুলে কোনো প্রতিবন্ধী নেই। এই কোটা কীভাবে পূরণ করা হয়!