ভিকারুননিসার ছাত্রী ধর্ষণ মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পরিমল জয়ধরের বিরুদ্ধে করা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক এ কে এম মোস্তফা দেওয়ান ডিবি পুলিশকে এ আদেশ দেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ভিকারুননিসার ছাত্রী ধর্ষণের মামলার তদন্তের পর ১৪ আগস্ট পরিমলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন। আসামির তালিকা থেকে সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে বাদ দেওয়া হয়। বাদীপক্ষ অভিযোগপত্রের ব্যাপারে গত ২৫ আগস্ট নারাজি আবেদন করে। এ আবেদনের ওপর আজ শুনানি শেষে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।এর আগে ধর্ষণের শিকার ছাত্রীর নিকটাত্মীয় মজিবুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, নির্যাতিতার পক্ষ থেকে যেসব সাক্ষ্যপ্রমাণ সরবরাহ করা হয়েছে, তা আমলে নেয়নি পুলিশ।মজিবুর রহমান আরও বলেন, অধ্যক্ষ ও শাখাপ্রধানের বিরুদ্ধে আলামত নষ্ট করা, ভয়-ভীতি দেখানো ও মেয়েটিকে স্কুল থেকে বহিষ্কারের হুমকির দেওয়ার অভিযোগে মামলা করা হয়। কিন্তু মেয়েটির স্বজনদের বক্তব্য অভিযোগপত্রে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তা ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদনেও দুই শিক্ষকের অবহেলার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এ কারণে তাঁরা নারাজি দিয়েছেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা গত ৫ জুলাই বাড্ডা থানায় ভিকারুননিসা নূনের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে আসামি করে মামলা করেন। গত ৭ জুলাই পরিমলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।