ভিকারুননিসার পরিচালনা পর্ষদ বাতিল
বিতর্কের মুখে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হককে প্রধান করে এই পর্ষদ গঠন করা হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, ছাত্রীটির ওপর যে নির্যাতন হয়েছে, সে বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার জন্য পরিচালনা পর্ষদও দায়ী। তা ছাড়া এই পর্ষদের মেয়াদও শেষ হয়েছে। তারা নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। এ জন্য এই পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।’উল্লেখ্য, এর আগে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের পাঁচজন সদস্য সভা আহ্বান করে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণ করে আরেক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়। তবে হোসনে আরা বেগম এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।অপসারণের ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্যসচিব ছাড়া অন্য কেউ সভা ডাকতে পারেন না। তিনি দাবি করেন, বিদেশে অবস্থানরত পর্ষদের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দিলীপ রায়কে দায়িত্ব দিয়ে গেছেন। কিন্তু দিলীপ রায় এ সভা ডাকেননি। আর পদাধিকার বলে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যসচিব হন অধ্যক্ষ। তাই তিনিই সেই পদাধিকার বলে পর্ষদের সদস্যসচিব। তিনি কোনো সভা ডাকেননি। তাই এই অপসারণ বৈধ নয় বলে তিনি দাবি করেন।প্রসঙ্গত, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিদ্যালয়ে অস্বস্তিকর পরিস্থিতি চলছে। ওই স্কুলের অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।