ভিকারুননিসার পরিচালনা পর্ষদ বাতিল
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে দিনভর ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি ঘিরে নাটকীয় সব ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার রাতে কলেজ পরিচালনা পর্ষদের পাঁচজন সদস্য এক সভায় মিলিত হয়ে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণ করেন। কলেজের শিক্ষক আম্বিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। কয়েকজন সদস্য অধ্যক্ষকে অপসারণ করতে পারেন কি না, তার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।নিয়ম অনুযায়ী কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা সদস্যসচিব পরিচালনা পর্ষদের সভা আহ্বান করবেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাশেদ খান মেনন বিদেশে অবস্থান করছেন। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ রায় সভা আহ্বান করেননি। আর কমিটির সদস্যসচিব হলেন অধ্যক্ষ নিজেই। এই প্রেক্ষাপটে অধ্যক্ষের অপসারণ নিয়ে প্রশ্ন ওঠে।জানা যায়, ভিকারুননিসা নূন কলেজ পরিচালনা পর্ষদের মেয়াদ এরই মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, ছাত্রীটির ওপর যে নির্যাতন হয়েছে, সে বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার জন্য পরিচালনা পর্ষদও দায়ী। তা ছাড়া এর মেয়াদও শেষ হয়েছে। কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। এ জন্য ওই কমিটি বাতিল করে ঢাকা জেলা প্রশাসককে প্রধান করে চার সদস্যের অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে।’ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই প্রতিষ্ঠানটিতে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছে। তবে কিছু ছাত্রী ও অভিভাবক ঘটনার বিচারে কালক্ষেপণের অভিযোগে কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগমের পদত্যাগ দাবি করে আসছিলেন। গতকাল সকালে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য হোসনে আরাকে অপসারণের খবর প্রকাশ করলে ছাত্রী ও শিক্ষকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।অধ্যক্ষকে অপসারণ করতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অভিভাবক প্রতিনিধি খন্দকার আফরোজা বেগম। এ সময় অভিভাবক প্রতিনিধি জাকিরুল ইসলাম ও মো. মুজিবুর রহমান হাওলাদার, কলেজশিক্ষক প্রতিনিধি হাসিনা বেগম এবং স্কুলশিক্ষক প্রতিনিধি রায়হানা কামাল উপস্থিত ছিলেন।রায়হানা কামাল গতকাল সাংবাদিকদের বলেন, ‘ছাত্রীদের দাবি ছিল তাঁকে অপসারণ করা। তা ছাড়া তিনি (হোসনে আরা বেগম) কলেজে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছিল।’এদিকে ছাত্রী ও শিক্ষকদের একটি অংশ নতুন অধ্যক্ষকে স্বাগত জানায়। অধ্যক্ষের কার্যালয়ের নামফলকও তুলে ফেলা হয়। হোসনে আরার অনুপস্থিতিতে গতকালই দায়িত্ব নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আম্বিয়া খাতুন।কলেজ সূত্রে জানা গেছে, কলেজের শিক্ষকদের একটি অংশ দীর্ঘদিন ধরেই চাচ্ছিল, নিজেদের মধ্য থেকেই কাউকে কলেজের অধ্যক্ষ করা হোক। কিন্তু হোসনে আরা বেগম আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসে অধ্যক্ষ হয়েছেন। এ নিয়ে শিক্ষকদের ভেতরে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। তাঁকে অপসারণের ঘটনায় একটি অংশ তাই খুশি হয়েছে। গতকাল কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এ রকম ইঙ্গিত মেলে। এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ কলেজ পরিচালনা পর্ষদের মধ্যেও বিরোধ তৈরি হয়েছিল। লটারির ভিত্তিতে এ বছর প্রথম শ্রেণীতে ভর্তি-পদ্ধতি চালু করায় প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে একটি মহল অধ্যক্ষের ওপর ক্ষুব্ধ ছিল।এ বিষয়ে হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেছেন, পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্যসচিব ছাড়া অন্য কেউ সভা ডাকতে পারেন না। কাজেই এই অপসারণ বৈধ নয়। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।সভার বৈধতা নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ রায়ও প্রশ্ন তুলেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘সভাপতি দেশের বাইরে, আমাকেও সভার কথা জানানো হয়নি। আর কাউকে শাস্তি দিতে হলে একটি প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হবে।’ তিনি আরও বলেন, কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলে তা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত হতে পারে না।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আম্বিয়া খাতুন বলেন, ‘আমি অধ্যক্ষের দায়িত্ব নিতে চাইনি। কিন্তু শিক্ষক ও ছাত্রীদের দাবির মুখে দায়িত্ব নিতে বাধ্য হয়েছি।’বাতিল হওয়া পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ রায় ও সদস্য আতাউর রহমান গতকাল বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেছেন। জানতে চাইলে দিলীপ রায় প্রথম আলোকে বলেন, তাঁকে আগের এবং সর্বশেষ ঘটনা অবহিত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, মানুষ নামের একজন নরপশু যে ঘটনা ঘটিয়েছে, এর চূড়ান্ত বিচার হোক। এ জন্য আমাদের যা করণীয়, তা-ই করা হবে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শুনেছি অধ্যক্ষকে অপসারণ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। তবে এ খবর শোনার আগে ঢাকা বোর্ড চেয়ারম্যানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ভিকারুননিসার সার্বিক ঘটনা তদন্ত করতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত চন্দ্র চন্দকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।