ভিকারুননিসায় ছাত্রী ধর্ষণ মামলা: জামিন পেলেন শাখাপ্রধান
ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় স্কুলের বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুত্ফুর রহমান জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ বিচারক মো. আরিফুর রহমান তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।লুত্ফর রহমানের পক্ষে আইনজীবী গাজী শাহ আলম জামিনের আবেদন করেন। আদালত ১০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় জামিনের আবেদন মঞ্জুর করেন।গত সোমবার একই আদালত সাবেক অধ্যক্ষ হোসনে আরা ও লুত্ফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পরিমল জয়ধরসহ এই তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ও ৩০ ধারায় অভিযোগ আমলে নেন আদালত। পরের দিন হোসনে আরা জামিন নেন।গত বছরের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে পাশবিক নির্যাতন করা হয়। ঘটনার ১৮ দিন পর গত ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে আসামি করা হয়। গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।এ ঘটনায় প্রথমে বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন ঘটনা তদন্ত করে গত বছরের ১৪ আগস্ট পরিমলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত ডিবি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশও পরিমলের নামেই সম্পূরক অভিযোগপত্র দিলে বাদীপক্ষ ফের নারাজি আবেদন করে।