ভিকারুননিসায় ভর্তিতে কোনো অনিয়ম করিনি: মেনন
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ছাত্রী ভর্তির জন্য মন্ত্রী, সাংসদসহ শুভানুধ্যায়ীদের সুপারিশ উপেক্ষা করতে পারেননি সাংসদ রাশেদ খান মেনন। তাই এক-দেড় শ ছাত্রী তিনি ভর্তি করেছেন। তবে কোনোভাবেই ভর্তি ও নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছেন। বরং বিভিন্ন সূত্র থেকে তিনি নিশ্চিত হয়েছেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম গভর্নিং বডির অনুমোদন না নিয়ে বিপুলসংখ্যক ছাত্রী ভর্তি করেছেন।আজ সোমবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন এই দাবি করেন।ব্যানারে পরিচালনা পরিষদের সংবাদ সম্মেলন লেখা থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেনন একাই। পরিচালনা পরিষদের ১১ সদস্যের মধ্যে মেনন ছাড়া আর একজন উপস্থিত ছিলেন।রাশেদ খান মেনন জানান, প্রতিষ্ঠানটিতে নতুন একজন অধ্যক্ষ আজ যোগ দেওয়ায় অন্য সদস্যরা সেখানে ব্যস্ত রয়েছেন।আজিমপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।মেনন দাবি করেন, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পরিবর্তন ও পূর্ণ অধ্যক্ষ নিয়োগ করাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে যে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির একপেশে সংবাদ প্রকাশিত হয়েছে, তা খুবই পরিকল্পিতভাবে কোনো স্বার্থান্বেষী পক্ষ সরবরাহ করেছে।মেনন দাবি করেন, গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পরই তিনি ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা ও নিয়মের মধ্যে আনার চেষ্টা করেন।সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমের শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি থাকায় তাঁকে সরিয়ে পূর্ণ অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেন এবং ১৫০ জন অনিয়মিত শিক্ষকের জায়গায় নিয়মিত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেন।কিন্তু অসত্ উদ্দেশ্যে পরিচালনা পরিষদের এসব উদ্যোগের বিপক্ষে অবস্থান নেন রোকেয়া আক্তার বেগম। তিনি পূর্ণ অধ্যক্ষ নিয়োগের বিরুদ্ধে আদালতে রিট করেন। এই রিট খারিজ হয়ে যাওয়াই প্রমাণ করে তিনি অসত্য বলছিলেন।প্রতিষ্ঠানের উন্নয়নকাজের দায়িত্ব পরিচালনা পরিষদের ওপর বর্তালেও, মেনন আজ ভর্তি ও নিয়োগ নিয়েই কথা বলেন। একেবারে শেষ পর্যায়ে যেসব উন্নয়ন কার্যক্রমের কথা তিনি বলেন, সেগুলোর বেশির ভাগই পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কোনো কোনোটি সবেমাত্র শুরু হয়েছে।বক্তব্যের পরই মেনন সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের সম্মুখীন হন। পরিচালনা পরিষদে কীভাবে মেননের ব্যক্তিগত সহকারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে দোষের কিছু নেই। তিনি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে থাকতেই পারেন।অভিযোগ রয়েছে, ছাত্রী ভর্তি এবং শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমকে সরানোর উদ্যোগ নেয় পরিচালনা পরিষদ। আগামী বছর ফেব্রুয়ারিতে রোকেয়া আক্তারের অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সময়কালে আরও এক দফা ছাত্রী ভর্তি ও দেড় শ শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া নিয়ন্ত্রণে অসুবিধা হতে পারে—এই বিবেচনায় রোকেয়া আক্তার বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, রোকেয়া আক্তার বেগম তাঁর অবশিষ্ট সময় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।মেননের সংবাদ সম্মেলনের পর রোকেয়া আক্তার বেগম প্রথম আলোকে বলেন, এতটা খারাপভাবে তাঁকে বিদায় না করলেও পারতেন এই স্বনামধন্য রাজনীতিক। তবে পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগ নিয়ে যে রিট খারিজ হয়েছে, তিনি তার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।