ভিক্টোরিয়া আজারেঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম: ৩১ জুলাই, ১৯৮৯জন্মস্থান: মিনস্ক, বেলারুশউচ্চতা: ৬ ফুটওজন: ৬৬ কেজিপেশাদার টেনিসের শুরু: ২০০৩প্রিয় ও অন্যান্যশৈশব আদর্শ: নাতাশা জভেরভাপ্রিয় ব্যক্তিত্ব: মাঅন্য প্রিয় খেলা: গলফঅবসর কাটে: গান শুনে, বই পড়ে এবং বন্ধুদের সঙ্গে কাটিয়েওয়েবসাইট: vikaazarenkatennis.comমা আলা মিনস্কের এক টেনিস ক্লাবে কাজ না করলে হয়তো ভিক্টোরিয়া আজারেঙ্কার টেনিস খেলোয়াড় হওয়াই হতো না! খুব ছোট বলে পিচ্চি আজারেঙ্কাকে কর্মস্থলে নিয়ে যেতেন মা। কিন্তু দুরন্ত মেয়ের কারণে শান্তিতে কাজ করতে পারতেন না। অনেক চিন্তাভাবনা করার পর মা একটা টেনিস র‌্যাকেট হাতে ধরিয়ে দিলেন সাত বছরের আজারেঙ্কার হাতে। দেয়ালে বল মারতেও দেখিয়ে দিলেন দু-একবার। ব্যস, হয়ে গেল সমাধান।কিন্তু এক সমস্যার সমাধান হতে দেখা দিল আরেক সমস্যা। সময়-অসময় নেই, মেয়ে সব সময় পড়ে থাকে হাতে র‌্যাকেট নিয়ে। মায়ের অফিস ছুটির পর বাসায় এসেও ভিক্টোরিয়া মেতে থাকে র‌্যাকেট আর বল নিয়েই। কোনো কোনো দিন সেটা চলত রাত ১১টা পর্যন্তও। মায়ের কর্মস্থলে খেলার সময়ই একদিন নজরে পড়েন মিনস্কের ওই টেনিস ক্লাবেরই এক কোচের। শুরু হয় হাতেকলমে অনুশীলন।ভালো লাগার একটা ব্যাপার তো ছিলই, ছিল বেলারুশের দুই সাবেক তারকা মহিলা দ্বৈতে ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ী নাতাশা জভেরভা এবং পুরুষ দ্বৈতের সাবেক এক নম্বর তারকা ম্যাক্স মিরনির প্রভাবও। ওই ক্লাবে নিয়মিতই যাতায়াত ছিল তাঁদের। কোর্টে তাঁদের খেলার সময় অনেক দিনই বলগার্ল হিসেবে কাজ করেছেন। একবার ফেডকাপে বলগার্ল হিসেবে কাজ করার সময় গ্যালারিতে জভেরভার জন্য দর্শকদের সমর্থন দেখে আজারেঙ্কাও মনে মনে স্বপ্ন দেখেছিলেন তিনিও একদিন টেনিসের বড় তারকা হবেন। এক অর্থে শৈশব-আদর্শ জভেরভাকেও ছাড়িয়ে গেছেন আজারেঙ্কা। জভেরভা কোনো গ্র্যান্ড স্লাম একক জিততে না পারলেও পেরেছেন আজারেঙ্কা। তারও আগে ২০০৭ সালে ইউএস ওপেনে ম্যাক্স মিরনির সঙ্গে জিতেছেন মিশ্র দ্বৈতের শিরোপা।তবে উঠে আসতে বন্ধুর পথই পাড়ি দিতে হয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। বড় স্বপ্ন দেখলেও সে সময় বেলারুশে টেনিস অনুশীলনে বিশ্বমানের সুযোগ-সুবিধা ছিল না। ভালো প্রশিক্ষণের জন্য তাই তাঁকে পাড়ি জমাতে হলো স্পেনের মার্বেলায়। কিন্তু সেখানে গিয়ে কোচিং-টোচিংয়ের ধরন ভালো লাগল না। তবে সেখানে যাওয়াটা আখেরে বড় উপকারেই এসেছে। মিনস্কে যে সতীর্থদের সঙ্গে খেলতেন, তাঁদেরই একজন সাশা খাবিবুলিনা। তাঁর বাবা সাবেক আইস হকি খেলোয়াড় নিকোলাই খাবিবুলিন মার্বেলায় আজারেঙ্কার খেলা দেখে তাঁকে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরামর্শ দিলেন। আজারেঙ্কার পরিবারও রাজি, কিন্তু এত টাকার সংস্থান করার সামর্থ্য তাদের ছিল না। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নিকোলাই। থাকা-খাওয়ার বন্দোবস্ত হলো নিকোলাইয়ের অ্যারিজোনার স্কটসডেলের বাসায়। সাশা টেনিস শিখতেন যে কোচের কাছে, সেই ভ্যান গ্রিচেনের তত্ত্বাবধানেই শুরু হলো আজারেঙ্কার নতুন জীবন।২০০৩ সালে পেশাদার টেনিসে পা রাখা আজারেঙ্কা প্রথম পাদপ্রদীপে আসেন ২০০৯ সালে সনি এরিকসন ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। তবে ডব্লুটিএ ট্যুরে ভালো করলেও গ্র্যান্ড স্লামে সাফল্য অধরাই হয়ে থাকছিল। বছর খানেক আগে তো সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন, র‌্যাকেট তুলে রেখে পড়াশোনায় মন দেবেন। নানির পরামর্শে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন আজারেঙ্কা। এই নানি ছাড়াও সমস্যায় পড়লে আরও একজনের পরামর্শ নেন আজারেঙ্কা—তিনি মা আলা।গ্র্যান্ড স্লাম জয় এবং টেনিসের এক নম্বর তারকা হওয়া—দুটো স্বপ্নই আজারেঙ্কার পূরণ হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন জয়ে। তাতেই কি সব পাওয়া হয়ে গেল? টেনিস অনুরাগীদের মতো আজারেঙ্কারও বিশ্বাস, যাত্রা সবে শুরু হলো, আরও অনেক কিছু এখনো পেতে বাকি। শাহরিয়ার ফিরোজ