ভিক্ষাবৃত্তি নিরসনে কর্মসূচি নেওয়া হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, ঢাকাসহ সারা দেশে ভিক্ষুক জরিপ, পুনর্বাসন ও ভিক্ষাবৃত্তি নিরসনের কর্মসূচি নেওয়া হয়েছে। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে ঢাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তাদের পুনর্বাসনকাজ সরকার এনজিওগুলোর মাধ্যমে বাস্তবায়ন করবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের আসমা জেরীনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংগঠনের (এনজিও) মাধ্যমে ঢাকা মহানগরে ভিক্ষাবৃত্তিতে থাকা জনগোষ্ঠীর জরিপ করা হবে। এ জন্য আগ্রহী এনজিওগুলোর সংক্ষিপ্ত তালিকা করা হচ্ছে। এনজিওগুলো এ কাজে তাদের প্রস্তাব জমা দেবে। এরপর তাদের মাধ্যমে ভিক্ষুক জরিপকাজ শুরু হবে। জরিপ করা ভিক্ষুকদের মধ্য থেকে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হবে।তারানা হালিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বয়স্কভাতা কর্মসূচির আওতায় ৬২ বছরের বেশি বয়সী দরিদ্র ও দুস্থ নারীদের বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বয়স্কভাতা বাস্তবায়ন কর্মসূচি নীতিমালা অনুযায়ী যৌনকর্মীরাও এ কর্মসূচির আওতায় ভাতা নিতে পারবেন।শফিকুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে জনপ্রতি মাসিক দুই হাজার টাকা হিসেবে ৩৬০ কোটি টাকা দেওয়া হচ্ছে।