ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুসারে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ আদেশ দেন।‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে গত ৩০ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে তিনটি দৈনিকের প্রতিবেদন আজ আদালতের নজরে আনেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান।ওই প্রতিবেদন পর্যালোচনা করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। প্রতিবেদনে নিয়ামুল নামে সাত বছরের শিশুকে উদ্ধার এবং কোরবান নামে এক আসামিকে গ্রেপ্তারের বর্ণনা রয়েছে। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্ন তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়।এ ব্যাপারে এলিনা খান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত ও অগ্রগতি জানাতে কামরাঙ্গীরচর এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত ও তদন্তকারী কর্মকর্তাকে ৫ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। ওই দিন নিয়ামুল ও তার বাবাকেও আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনার বর্ণনার জন্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল হোসেনকেও হাজির হতে বলা হয়েছে।আর সাত দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও উপকমিশনার (পশ্চিম) এবং কামরাঙ্গীরচর ও কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাব দিতে বলা হয়েছে। ওই শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্রসচিবকে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিও করতে বলা হয়েছে।